চলতি হিসাবের উদ্বৃত্ত বাড়ছে কমে চলেছে বাণিজ্য ঘাটতি

দেশে বাণিজ্য ঘাটতি কমছে, বাড়ছে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত। এতে বৈদেশিক লেনদেনের ভারসাম্য আপাতত স্বস্তিতে রয়েছে।
গত ২০১২-১৩ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৬ কোটি ৬০ লাখ ডলার। অন্যদিকে তার আগের অর্থবছর (২০১১-১২) একই সময়ে চলতি হিসাবে ৫৩ কোটি ডলারের ঘাটতি ছিল।
আবার আলোচ্য সময়ে পণ্য বাণিজ্যে ঘাটতি আগের অর্থবছরের ১১ মাসের তুলনায় প্রায় ২৭ শতাংশ কমেছে। ২০১২-১৩ অর্থবছরের জুলাই-মে সময়কালে ঘাটতি দাঁড়িয়েছে ৬৩২ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৮৬৪ কোটি ৪০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। এসব তথ্য থেকে এক দিনে লেনদেনের ভারসাম্য পরিস্থিতি যে চাপমুক্ত তা যেমন বোঝা যায়, তেমনি দেশে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড যে শ্লথ গতিতে চলছে, তা-ও প্রতীয়মান হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, এই সময়কালে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি বেড়ে হয়েছে ২৮৯ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ২৭১ কোটি ১০ লাখ ডলার। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।
প্রবাসী-আয়ের উচ্চপ্রবাহ এবং বাণিজ্য ঘাটতি নিম্নমুখী থাকার কারণেই চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বজায় রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণির তথ্যানুসারে, গত অর্থবছরের ১১ মাসে আর্থিক হিসাবে ২৪০ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ১২০ কোটি ৩০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে আরও দেখা যায় যে বিদেশি বিনিয়োগ ও বিদেশি সহায়তা বেড়ে যাওয়ার কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে।
এতে দেখা যায় যে ২০১২-১৩ অর্থবছরের ১১ মাসে দেশে ১১৫ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১১১ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগ।
এই সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ দেশে এসেছে ১৭১ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৩৭ শতাংশ বেশি।
সার্বিকভাবে আলোচ্য অর্থবছরের প্রথম ১১ মাসে লেনদেনের ভারসাম্যে ৪৬৬ কোটি ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে। তবে তার আগের অর্থবছরের একই সময়ে এক কোটি ১০ লাখ ডলারের ঘাটতি ছিল।
আবার মে মাস শেষে এসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৪৬৮ কোটি ডলারের ওপরে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে এটি প্রায় সাড়ে চার মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম। গত অর্থবছরের মে শেষে যেখানে রিজার্ভ ছিল ৯৪৩ কোটি ডলার যা প্রায় তিন মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম ছিল।