চলতি হিসাবের উদ্বৃত্ত বেড়েছে কমেছে বাণিজ্য ঘাটতি
নিয়মিত ভিত্তিতে বিদেশের সঙ্গে লেনদেনে বাংলাদেশের অবস্থা এখন বেশ স্বস্তিদায়ক। এই লেনদেন পরিস্থিতিতে প্রতিফলিত হয় যে চলতি হিসাবের ভারসাম্যে সেখানে বড় ধরনের উদ্বৃত্ত দেখা দিয়েছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুসারে, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) চলতি হিসাবের ভারসাম্যে ৯৭৭ কোটি ৮০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৩৫ কোটি ডলার।নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এই চলতি হিসাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এ ক্ষেত্রে উদ্বৃত্ত থাকলে বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয়।প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয়ের প্রবাহ জোরাল থাকায় এবং পণ্য-বাণিজ্যে ঘাটতি কমে যাওয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে।বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণি থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে পণ্য-বাণিজ্যে ঘাটতি ৪৭০ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বাণিজ্য ঘাটতি ২৬ শতাংশ কমে গেছে।পণ্য রপ্তানি থেকে আয় বাড়ার পাশাপাশি পণ্য আমদানির ব্যয় কমে যাওয়ার প্রভাবে এমনটি হয়েছে।লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে (এফওবিভিত্তিক), এই আট মাসে পণ্য রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে ৮ শতাংশ বেড়েছে। একই সময়ে আমদানি ব্যয় কমেছে প্রায় দেড় শতাংশ।অবশ্য সেবা খাতের বাণিজ্য ঘাটতি গত অর্থবছরের প্রথম আট মাসের ২০৪ কোটি ৯০ লাখ ডলারের চেয়ে বেশ বেড়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ২৮২ কোটি ২০ লাখ ডলারে উন্নীত হয়েছে। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।আলোচ্য সময়কালে আর্থিক হিসাবে ১৭৫ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে ১১০ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে আরও দেখা যায় যে বিদেশি বিনিয়োগ ও বিদেশি সহায়তা বেড়ে যাওয়ার কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে।এতে দেখা যায় যে ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাসে দেশে ৯৫ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৬ কোটি ৩০ লাখ ডলারের বিনিয়োগ।একই সময়ে পুঁজিবাজারে বিনিয়োগ (পোর্টফোলিও বিনিয়োগ) এসেছে ১৫ কোটি ৫০ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭ কোটি ৩০ ডলারের বিনিয়োগ।আলোচ্য সময়কালে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ দেশে এসেছে ১২৩ কোটি ৪০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৪৯ শতাংশ বেশি।সার্বিকভাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে লেনদেনের ভারসাম্যে ৩৫০ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ে ৫১ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি ছিল।