চলতি হিসাবের উদ্বৃত্ত বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনদেনের ভারসাম্য পরিস্থিতি (জুলাই-জানুয়ারি; কোটি ডলারে)
লেনদেনের ভারসাম্য পরিস্থিতি (জুলাই-জানুয়ারি; কোটি ডলারে)

দেশের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা যেমন বেড়েছে, তেমনি কমেছে বাণিজ্য ঘাটতি।
এ দুই মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত দেখা দিয়েছে, যদিও তা আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম।
বাংলাদেশ ব্যাংক লেনদেনের ভারসাম্য সারণির যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তা বিশ্লেষণ করে এমনটি প্রতীয়মান হয়েছে।
এতে দেখা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম সাত মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২৭৮ কোটি ৭০ লাখ ডলার। আর গত ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৪২৮ কোটি ৯০ লাখ ডলার। সে হিসেবে বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।
লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে এই সাত মাসে দেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ। আর একই সময়ে পণ্য আমদানি ব্যয় বেড়েছে ৪ শতাংশ।
এটি অবশ্য আমদানি-রপ্তানির এফওবি হিসাব, যেখানে শুধু জাহাজীকৃত পণ্যের দর বিবেচনা করা হয়। আর সিঅ্যান্ডএফ হিসাবে যেখানে পণ্য জাহাজীকরণের পাশাপাশি বিমা ও পণ্য ওঠানামার ব্যয় যুক্ত করা হয়।
যেমন, আলোচ্য অর্থবছরের প্রথম সাত মাসে এফওবি বা লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে আমদানি ব্যয় দাঁড়িয়েছে দুই হাজার এক কোটি ৪০ লাখ ডলার; অন্যদিকে সিঅ্যান্ডএফ হিসেবে এই সময়ে আমদানি ব্যয় দুই হাজার ৩০৯ কোটি ৬৪ লাখ ডলার। আর সিঅ্যান্ডএফ হিসেবে আমদানি ব্যয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে ১৬ শতাংশ বেড়েছে।
লেনদেনের ভারসাম্য সারণি থেকে এও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়ে হয়েছে ২২৪ কোটি ৪০ লাখ ডলার। আর গত অর্থবছরের প্রথম সাত মাসে এই ঘাটতি ছিল ১৯৩ কোটি ৮০ লাখ ডলার।
সেবা খাতের বাণিজ্যে আয়ের তুলনায় ব্যয় দ্বিগুণের বেশি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।
সব মিলিয়ে আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে ২১২ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। তবে আগের বছরের একই সময়ে তা ছিল ১৪৪ কোটি ৬০ লাখ ডলার।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।
প্র্রবাসী-আয়ের প্রবাহ কিছুটা কমে গেলেও বাণিজ্য ঘাটতি ব্যাপকভাবে কমে আসায় তা চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বাড়িয়ে দিতে ভূমিকা রেখেছে। অথচ এক মাস আগেই চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত অনেক কম ছিল।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অর্থবছরের প্রথম সাত মাসে দেশে ৯৮ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় সাড়ে ৪ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়কালে এসেছিল ৯৩ কোটি ৮০ লাখ ডলারের বিনিয়োগ।
সার্বিকভাবে অর্থবছরে জুলাই-জানুয়ারি সময়কালে লেনদেনের সার্বিক ভারসাম্যে ২৭৬ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দেয়, যা গত বছরের একই সময়ে ছিল ২৯২ কোটি ৮০ লাখ ডলার। ফলে সার্বিক ভারসাম্যে উদ্বৃত্ত কিছুটা কমেছে।