চলতি হিসাবের উদ্বৃত্ত বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি হিসাবের ভারসাম্যে উল্লেখযোগ্য উদ্বৃত্তাবস্থা বজায় রেখেই ২০১১-১২ অর্থবছর শেষ হয়েছে। শুধু তাই নয়, তার আগের অর্থবছরের চেয়ে এই উদ্বৃত্ত বেড়েছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, গত অর্থবছর চলতি হিসাবের ভারসাম্যে ১৭০ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে। এটি তার আগের অর্থাৎ ২০১০-১১ অর্থবছরের ৮৮ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ চলতি হিসাবের উদ্বৃত্তের তুলনায় প্রায় ৯৩ শতাংশ বেশি।চলতি হিসাবে সাধারণত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। অর্থাৎ নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এ ক্ষেত্রে উদ্বৃত্ত হলে বোঝায় যে, নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায়, ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয়।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি। বরং প্রতিবছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছে। আর ২০০৯-১০ অর্থবছর বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে চলতি হিসাবে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ৪০ লাখ ডলার, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা থেকে অর্থনীতির শক্তিমত্তার কিছু আভাস পাওয়া যায়। পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, মূলত প্রবাসী-আয়ের উচ্চ প্রবাহই চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বজায় রাখতে সহায়তা করেছে। গত অর্থবছর প্রবাসী বাংলাদেশিরা এক হাজার ২৮৪ কোটি ৩৪ লাখ ডলারের প্রবাসী-আয় দেশে পাঠিয়েছেন, যা তার আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। ২০১০-১১ অর্থবছরে এর পরিমাণ ছিল এক হাজার ৯৮ কোটি ৭৪ লাখ ডলার।তবে বাংলাদেশ ব্যাংক এখনো আনুষ্ঠানিকভাবে লেনদেনের ভারসাম্যের সার্বিক চিত্র প্রকাশ না করায় গত অর্থবছর বাণিজ্য ঘাটতি, আর্থিক হিসাবের ভারসাম্যসহ অন্যান্য বিষয়ের পুরো তথ্য জানা যায়নি।জুলাই-মে সময়কালের লেনদেনের ভারসাম্যের সারণি থেকে দেখা যায়, অর্থবছরের ১১ মাসে পণ্য-বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৭৯৫ কোটি ৯০ লাখ ডলার। অন্যদিকে গোটা বছরের আমদানি-ব্যয় (সিঅ্যান্ডএফ) দাঁড়িয়েছে তিন হাজার ৫৪৪ কোটি ১৮ লাখ ডলার। একই সময় পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে দুই হাজার ৪২৮ কোটি ৭৬ লাখ ডলার। সেই হিসেবে পণ্য-বাণিজ্যে ঘাটতি এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়।