চলতি হিসাবের উদ্বৃত্ত ৩৭৩ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে চলতি হিসাবে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ৪০ লাখ ডলার, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। তার আগের বছর অর্থাৎ ২০০৮-০৯ অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে ২৪১ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছিল। তার মানে এক বছরের ব্যবধানে চলতি হিসাবের উদ্বৃত্ত বেড়েছে সাড়ে ৫৪ শতাংশ।আবার ২০০৭-০৮ অর্থবছরে ৭০ কোটি ডলারের সমপরিমাণ চলতি হিসাবের উদ্বৃত্ত দেখা দিয়েছিল। অর্থাৎ ২০০৮-০৯ অর্থবছরে গিয়ে এই উদ্বৃত্তাবস্থা প্রায় চার গুণ বেড়ে যায়। চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায়, নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি। বরং প্রতিবছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছে।বাংলাদেশ ব্যাংক অবশ্য গত অর্থবছরের শেষ দিকে এসে প্রক্ষেপণ করেছিল, চলতি হিসাবের উদ্বৃত্ত শেষ পর্যন্ত ৩১৬ কোটি ৭০ লাখ ডলারে গিয়ে ঠেকবে। ২০০৯-১০ অর্থবছরের ১১ মাসে চলতি হিসাবের উদ্বৃত্ত ৩০০ কোটি ডলার অতিক্রম করে যায়। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, গত অর্থবছর পণ্য-বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৫১৫ কোটি ২০ লাখ ডলার। আর ২০০৮-০৯ অর্থবছর ঘাটতি ছিল ৪৭০ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় সাড়ে নয় শতাংশ।বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, গত অর্থবছর রপ্তানি-আয় হয়েছে এক হাজার ৬২৩ কোটি ৬০ লাখ ডলার, যেখানে আমদানি-ব্যয় হয়েছে দুই হাজার ১৩৮ কোটি ৮০ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংক অবশ্য গত মাসে ঘোষিত মুদ্রানীতিতে বাণিজ্য ঘাটতি ৫১৭ কোটি ৭০ লাখ ডলারে উন্নীত হবে বলে প্রক্ষেপণ করেছিল।বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তুত করা লেনদেনের ভারসাম্য সারণিতে রপ্তানি-আয় ও আমদানি-ব্যয়কে এফওবি হিসেবে সমন্বয় করে অন্তর্ভুক্ত করা হয়। ফলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানি-আয়ের পরিসংখ্যানের চেয়ে এখানে রপ্তানির পরিসংখ্যানের সামান্য পার্থক্য হয়। অন্যদিকে সিঅ্যান্ডএফ-ভিত্তিতে আমদানি-ব্যয়ের যে পরিসংখ্যান পাওয়া যায়, তা থেকে বিমা ও জাহাজীকরণের ব্যয় বাবদ গড়ে ১০ শতাংশ কমিয়ে এফওবিভিত্তিতে আমদানি-ব্যয় লেনদেনের ভারসাম্য সারণিতে অন্তর্ভুক্ত করা হয়।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকেই জানা যায়, সিঅ্যান্ডএফভিত্তিতে গত অর্থবছর (১২ মাসে) আমদানি-ব্যয় দাঁড়িয়েছে দুই হাজার ২০০ কোটি ডলার।বাণিজ্য ঘাটতি সামান্য বাড়লেও প্রবাসী-আয়ের প্রবাহ অনেক বেশি থাকায় তা চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বাড়িয়ে রাখতে সহায়তা করেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ২০০৯-১০ অর্থবছরে দেশে এক হাজার ৯৭ কোটি ৩০ লাখ ডলারের সমপরিমাণ প্রবাসী-আয় এসেছে। যোগাযোগ করা হলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘চলতি হিসাবের ভারসাম্যে যে বিরাট উদ্বৃত্ত দেখা দিয়েছে, তা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় সাড়ে তিন শতাংশ। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেরই চলতি হিসাবে সবচেয়ে বেশি উদ্বৃত্ত রয়েছে।’আহসান মনসুর ব্যাখ্যা করে বলেন, মূলত আমদানি পরিস্থিতি গত অর্থবছর দুর্বল থাকায় চলতি হিসাবের উদ্বৃত্ত অনেক বেড়ে গেছে। ২০০৮-০৯ অর্থবছরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, আমদানি ও রপ্তানি উভয়ই খুব সামান্য হারে বেড়েছে।বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্যের সারণির পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৮-০৯ অর্থবছরের আমদানি-ব্যয় ও রপ্তানি-আয় ছিল যথাক্রমে দুই হাজার ২৯ কোটি ১০ লাখ ডলার ও এক হাজার ৫৫৮ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরে আমদানি-ব্যয় ও রপ্তানি-আয় বেড়েছে যথাক্রমে ৫ দশমিক ৩৮ ও ৪ দশমিক ২০ শতাংশ।আহসান মনসুর আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা থাকছে, ততক্ষণ পর্যন্ত বাণিজ্য ঘাটতি বাংলাদেশের জন্য তেমন কোনো সমস্যা নয়। এটা আরও বোঝায়, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আমরা অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থানে আছি।’ তবে পিআরআইয়ের নির্বাহী পরিচালক চলতি হিসাবের বিরাট এই উদ্বৃত্ত ভারসাম্যের আরেকটি দিকও খুঁজে পেয়েছেন। তাঁর মতে, দেশে বড় ধরনের বিদ্যুৎ ও অবকাঠামোগত প্রকল্প অর্থায়নের সক্ষমতারও নির্দেশ করে এই অবস্থা। কিন্তু প্রাতিষ্ঠানিক অদক্ষতার কারণে এই সক্ষমতা কাজে লাগানো যায়নি। আহসান মনসুর বলেন, ‘যদি এসব প্রকল্পের পেছনে অর্থ ব্যয় করা হতো, তাহলে এই উদ্বৃত্ত অনেক কমে আসত। তবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ত।’বাংলাদেশ ব্যাংক অবশ্য প্রত্যাশা করছে, আগামী দিনগুলোয় চলতি হিসাবের উদ্বৃত্তাবস্থা কমে আসবে। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি বিবৃতিতে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের যে প্রক্ষেপণ দেওয়া হয়েছে, তাতে চলতি ২০১০-১১ অর্থবছরে চলতি হিসাবের উদ্বৃত্ত কমে ১০৬ কোটি ৯০ লাখ ডলারে নেমে আসবে বলে উল্লেখ করা হয়েছে।তবে আহসান মনসুর মনে করেন, এই সংখ্যা ২০০ কোটি ডলারের ঘরে থাকবে।