চলতি হিসাবের ঘাটতি বেড়েছে

চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদকৃত লেনদেনের ভারসাম্য সারণি থেকে এ তথ্য পাওয়া গেছে।
আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে ১২৬ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল ৭৯ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত। এমনকি চলতি অর্থবছরের প্রথম তিন মাসেও প্রায় ৪৫ কোটি ডলারের ঘাটতি ছিল। চতুর্থ মাসে গিয়ে ঘাটতি অনেক বেড়ে গেছে।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।
পণ্য ও সেবাবাণিজ্যে ঘাটতি অনেক বেড়ে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে চলতি হিসাবের ভারসাম্যে।
আলোচ্য সময়কালে পণ্যবাণিজ্যে ৩৭১ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে, যেখানে ২০১৩-১৪ অর্থবছরে এই ঘাটতির পরিমাণ ছিল ১৯৩ কোটি ২০ লাখ ডলার। আর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ঘাটতি ছিল ২৪০ কোটি ২০ লাখ ডলারের।
বাংলাদেশ পণ্য রপ্তানি করে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, পণ্য আমদানির জন্য তার চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় বলে বাণিজ্যে ঘাটতি দেখা দেয়।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, আলোচ্য সময়কালে পণ্য রপ্তানি আয় আগের বছরের তুলনায় প্রায় ১ শতাংশ কমেছে। বিপরীতে পণ্য আমদানির ব্যয় বেড়েছে সাড়ে ১৪ শতাংশ। এটি অবশ্য রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের এফওবিভিত্তিক হিসাব। অর্থাৎ আমদানি-রপ্তানির জন্য জাহাজীকৃত পণ্যের প্রকৃত মূল্যভিত্তিক হিসাব। আর তাই রপ্তানির জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান এবং আমদানির জন্য কাস্টমসের সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) মূল্যের সঙ্গে কিছুটা পার্থক্য দেখা যায়।
বিনিয়োগ চাহিদা বাড়তে শুরু করায় আমদানিও বেড়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে অর্থনীতির প্রথম প্রান্তিক পর্যালোচনা প্রতিবেদনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) বলেছিল, ‘তুলনামূলকভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে উৎসাহিত হয়ে ব্যবসায়ীরা মূলধনি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি শুরু করেছেন, যা সার্বিক আমদানিকে বাড়িয়েছে।’
আলোচ্য সময়ে সেবা খাতের বাণিজ্যে আয়ের তুলনায় ব্যয় তিন গুণ বেশি হওয়ায় ঘাটতিও বেড়েছে। এ খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে সেবা খাতের বাণিজ্যে ৯৪ কোটি ৭০ লাখ ডলার আয়ের বিপরীতে ব্যয় হয়েছে ২৬৮ কোটি ৪০ লাখ ডলার। ফলে সেবাবাণিজ্যে ১৭৩ কোটি ৭০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ১১১ কোটি ১৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অর্থবছরের প্রথম চার মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৪৬ কোটি ৮০ লাখ ডলারের, যা তার আগের বছরের চেয়ে ৫ দশমিক ৬৪ শতাংশ বেশি। ২০১৩-১৪ অর্থবছরে একই সময়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৪৪ কোটি ৩০ লাখ ডলার।
আলোচ্য সময়কালে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বেশ বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরের প্রথম চার মাসে যেখানে পোর্টফোলিও বিনিয়োগের পরিমাণ ছিল ১৮ কোটি ৯০ লাখ ডলার, সেখানে ২০১৪-১৫ অর্থবছরে তা বেড়ে হয়েছে ২৯ কোটি ডলার।
সার্বিকভাবে অবশ্য লেনদেনের ভারসাম্য পরিস্থিতিরও অবনতি হয়েছে। আলোচ্য সময়কালে লেনদেনের ভারসাম্যে ১২৪ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে, যেখানে ২০১৩-১৪ অর্থবছর শেষে এটি ছিল ১৬৪ কোটি ৯০ লাখ ডলার।