চলতি হিসাবের ভারসাম্য পরিস্থিতির কিছুটা উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলতি হিসাবের ভারসাম্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম আট মাসে চলতি হিসাবের ভারসাম্যে ৬৮ কোটি ১০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। আর এক মাস আগে অর্থাৎ প্রথম সাত মাসে এই ভারসাম্যে ৪১ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।তবে গত অর্থবছরের একই সময়ে (জুলাই-ফেব্রুয়ারি) চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত ছিল ৯৯ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে অবশ্য চলতি বছরের প্রথম আট মাসে উদ্বৃত্ত পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। মোটা দাগে এটার উদ্বৃত্ত বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে ঋণ করে সেই ঘাটতি পূরণ করতে হয়।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই চিত্র পাওয়া গেছে।এতে আরও জানা যায়, অর্থবছরের প্রথম আট মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়ে হয়েছে ৫৭০ কোটি ১০ লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরের প্রথম আট মাসে ঘাটতির পরিমাণ ছিল ৪৮৫ কোটি ৯০ লাখ ডলার।পণ্য বাণিজ্যের পাশাপাশি সেবা খাতের বাণিজ্যেও ঘাটতি বেড়েছে। এই সময়কালে সেবা খাতের বাণিজ্যে ১৮৩ কোটি ৫০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৫৬ কোটি ৮০ লাখ ডলার। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।সেবা খাতের বাণিজ্যে প্রাপ্তির তুলনায় এই খাতে প্রদান বা ব্যয় প্রায় দ্বিগুণ বলে দেখা যায়।আলোচ্য সময়কালে সেবা খাতের বাণিজ্য থেকে দেশে ১৮১ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করা গেছে। তবে সেবাসুবিধা গ্রহণের জন্য বিদেশে প্রেরণ করতে হয়েছে ৩৬৫ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ লেনদেন ভারসাম্য সারণি পর্যালোচনায় আরও দেখা যায়, অর্থবছরের আট মাসে দেশে ৪৯ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে।আলোচ্য সময়কালে সামগ্রিক ভারসাম্যে ৫১ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। অর্থাৎ, লেনদেনের ভারসাম্য পরিস্থিতি চাপের মধ্যেই আছে। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ২২ কোটি ২০ লাখ ডলার।মূলত আর্থিক হিসাবে ৯০ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতির নেতিবাচক প্রভাব পড়েছে এতে। অবশ্য আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২২০ কোটি ডলার।