চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত কমছে
চলতি ২০১০-১১ অর্থবছরের তৃতীয় মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এসে চলতি হিসাবের ভারসাম্যে ১৯ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ের মধ্যে এই প্রথম চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি দেখা দিল।সেপ্টেম্বরে এই ঘাটতির কারণে অর্থবছরের প্রথম প্রান্তিকে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থাও ব্যাপকভাবে কমে গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে চলতি হিসাবের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫০ লাখ ডলার। আর গত ২০০৯-১০ অর্থবছরের একই সময়কালে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ১৪১ কোটি ৬০ লাখ ডলার।অন্যদিকে গত বছরের শুধু সেপ্টেম্বর মাসে চলতি হিসাবের ভারসাম্যে ১১ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছিল।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের চিত্র প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না।গত ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে চলতি হিসাবে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ৪০ লাখ ডলার, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।তবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এই ভারসাম্যের উদ্বৃত্ত কমে যাওয়াসহ সেপ্টেম্বরে ঘাটতির কারণে এটাই মনে করা হচ্ছে যে দেশের সার্বিক লেনদেনের ভারসাম্যের ওপর চাপ তৈরি হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, এ বছর আগস্ট মাসে চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল ৩৩ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে গত বছরের আগস্ট মাসে চলতি হিসাবে ১৩ কোটি ডলারের ঘাটতি ছিল। আবার চলতি অর্থবছরের জুলাই মাসে চলতি হিসাবে ৫০ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দেয়।প্রবাসী-আয় প্রবাহের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ার পাশাপাশি পণ্য আমদানি ও সেবা খাতের বৈদেশিক ব্যয় বেড়ে যাওয়ার প্রভাবে বাণিজ্য-ঘাটতি বেড়ে চলতি হিসাবের ভারসাম্যকে চাপের মুখে ফেলেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ১২৮ কোটি ৮০ লাখ ডলার। আর ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৭৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এই সময়কালের ব্যবধানে দেশে বাণিজ্য-ঘাটতি ৭৪ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।যে হারে পণ্য রপ্তানি থেকে আয় বেড়েছে, তার চেয়ে বেশি হারে আমদানি-ব্যয় বেড়ে যাওয়ায় পণ্য বাণিজ্যে ঘাটতিও বেড়ে গেছে। লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে, প্রথম প্রান্তিকে রপ্তানি-আয় ও আমদানি-ব্যয় বেড়েছে যথাক্রমে ৩০ দশমিক ২০ শতাংশ ও ৩৭ দশমিক ২৬ শতাংশ।সেবা খাতের বাণিজ্যেও ঘাটতি বেড়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে হয়েছে ৫৬ কোটি ৭০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৩ কোটি ডলার। আর এই তিন মাসে প্রবাসী-আয়ের প্রবাহ গত অর্থবছরের একই সময়ের তুলনায় দশমিক ৮৫ শতাংশ কমে গেছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকে লেনদেনের সার্বিক ভারসাম্যে ৪২ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে সার্বিক ভারসাম্যে ১৩৩ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দেয়। যোগাযোগ করা হলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘লেনদেনের ভারসাম্যের এই চিত্রে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই। আমাদের আমদানি ও রপ্তানি দুই-ই বাড়ছে। আর আমদানি যেহেতু উচ্চহারে বাড়ছে, তাই বাণিজ্য-ঘাটতি বাড়ছে।’আহসান মনসুর আরও বলেন, ‘প্রবাসী-আয়ের প্রবাহ যে শ্লথ হয়ে পড়েছে তার দুটি কারণ রয়েছে। একটি হলো, আমাদের জনশক্তি রপ্তানি ক্রমান্বয়ে কমে যাওয়া, যার প্রলম্বিত প্রতিফলন ঘটেছে এই প্রবাসী-আয়ে। আরেকটি হলো, প্রবাসীরা যে অর্থ পাঠিয়ে আসছিলেন, তার একটা অংশ ছিল তাঁদের সঞ্চিত অর্থ। দেশে জমি-বাড়ি কিনতে বা শেয়ারে বিনিয়োগ করার জন্য তাঁরা এই অর্থ পাঠিয়েছেন। এখন এই প্রবণতায় কিছুটা ভাটা পড়তে পারে।’আহসান মনসুরের মতে, ‘চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা যে উঁচু পর্যায়ে ছিল, তা সবসময় একই রকম থাকবে, এটা মনে করা ঠিক নয়। আর তাই যদি উদ্বৃত্তাবস্থা কিছুটা নেমে আসে, তাহলে তা অস্বাভাবিক ভাবা উচিত নয়। কারণ, এটি আমাদের অর্থনীতির শক্তি ও দুর্বলতা দুইয়েরই প্রতিফলন।’