চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত কিছুটা কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত অবস্থার সামান্য অবনতি হয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে যেখানে ৮৪ কোটি ডলারের উদ্বৃত্ত ছিল, সেখানে প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) তা নেমে এসেছে ৮২ কোটি ১০ লাখ ডলারে।আবার একই সময়ে বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পণ্য-বাণিজ্যে ঘাটতি ছিল ৩৬৭ কোটি ৫০ লাখ ডলার। আর প্রথম সাত মাসে তা ৪৩৪ কোটি ৫০ লাখ ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৬৭ কোটি ডলার।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় যে চলতি হিসাবের ভারসাম্যে গত অর্থবছরের প্রথম সাত মাসে ১৩০ কোটি ডলারের ঘাটতি ছিল। সেই তুলনায় বর্তমান অর্থবছরে চলতি হিসাবের পরিস্থিতি যথেষ্ট ইতিবাচক বলেই প্রতীয়মান হয়।সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। অর্থাৎ নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এ ক্ষেত্রে উদ্বৃত্ত বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয়।মূলত প্রবাসী-আয়ের উচ্চ প্রবাহের কারণেই চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বজায় রয়েছে। তবে বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় তার কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, পণ্য-বাণিজ্যে ঘাটতিও গত অর্থবছরের একই সময়ের তুলনায় কম রয়েছে। ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে পণ্য বাণিজ্যে ৬১৪ কোটি ৪০ লাখ ডলারের ঘাটতি ছিল। অবশ্য সেবা খাতের বাণিজ্য ঘাটতি গত অর্থবছরের প্রথম সাত মাসের ১৮৫ কোটি ৬০ লাখ ডলারের চেয়ে বেশ বেড়ে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ২৬৪ কোটি ৪০ লাখ ডলারে উন্নীত হয়েছে। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণির তথ্যানুসারে, আলোচ্য সময়কালে আর্থিক হিসাবে ১৭৯ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে ১৭১ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে আরও দেখা যায় যে বিদেশি বিনিয়োগ ও বিদেশি সহায়তা বেড়ে যাওয়ায় কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে। এতে দেখা যায় যে ২০১২-১৩ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে ৮৭ কোটি ৫০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৮ কোটি ডলারের বিনিয়োগ।এই সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ দেশে এসেছে ১১৪ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৬৬ শতাংশ বেশি। সার্বিকভাবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে লেনদেনের ভারসাম্যে ২৯২ কোটি ৮০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ে ৮১ কোটি ৩০ লাখ ডলারের ঘাটতি ছিল।