চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত ৩০০ কোটি ডলার ছাড়াল
গত ২০০৯-১০ অর্থবছরের ১১ মাসে দেশের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এই প্রথম কোনো অর্থবছরে চলতি হিসাবের ক্ষেত্রে এত বড় ধরনের উদ্বৃত্ত দেখা গেল।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরের জুলাই-মে সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩০০ কোটি ৬০ লাখ ডলার, যেখানে তার আগের অর্থবছরের একই সময় এর পরিমাণ ছিল ১৬৮ কোটি ১০ লাখ ডলার।এ ছাড়া ২০০৮-০৯ অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে সামগ্রিকভাবে ২৫৩ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দেয়। এটি ছিল তার আগের অর্থবছর ২০০৭-০৮ সালের ৬৮ কোটি ডলারের সমপরিমাণ উদ্বৃত্তের চেয়ে প্রায় চার গুণ বেশি।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায় যে, নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি। বরং প্রতিবছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছে।মূলত বাণিজ্য ঘাটতি কম হওয়া এবং প্রবাসী-আয়ের উচ্চপ্রবাহ বাংলাদেশের লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে এই সুবিধাজনক অবস্থা এনে দিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য অর্থবছরের ১১ মাসে পণ্য-বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৪৮৮ কোটি ৫০ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময় এই ঘাটতির পরিমাণ ছিল ৪৭২ কোটি ৬০ লাখ ডলার।মূলত ১১ মাসে রপ্তানি-আয় ও আমদানি-ব্যয় উভয়ই প্রায় একই হারে কিন্তু সীমিত পরিমাণে বাড়ায় পণ্য-বাণিজ্যে ঘাটতি তেমন বাড়েনি।বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তুত করা লেনদেনের ভারসাম্য সারণিতে রপ্তানি-আয় ও আমদানি-ব্যয়কে এফওবি হিসেবে সমন্বয় করে অন্তর্ভুক্ত করা হয়। ফলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানি-আয়ের পরিসংখ্যানের চেয়ে এখানে রপ্তানির পরিসংখ্যানের সামান্য পার্থক্য হয়। অন্যদিকে সিঅ্যান্ডএফ ভিত্তিতে আমদানি-ব্যয়ের যে পরিসংখ্যান পাওয়া যায়, তা থেকে বিমা ও জাহাজীকরণের ব্যয় বাবদ গড়ে ১০ শতাংশ কমিয়ে এফওবি ভিত্তিতে আমদানি-ব্যয় লেনদেনের ভারসাম্য সারণিতে অন্তর্ভুক্ত করা হয়।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা যায়, সিঅ্যান্ডএফ ভিত্তিতে আমদানি-ব্যয় ১১ মাসে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৩ কোটি ডলার। আর এফওবি ভিত্তিতে লেনদেনের ভারসাম্য সারণিতে ১১ মাসে আমদানি-ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৯৪০ কোটি ৪০ লাখ ডলার। পণ্য-বাণিজ্যের পাশাপাশি সেবা খাতের বাণিজ্যেও ঘাটতি ১১ মাসে সামান্য বেড়েছে। ২০০৯-১০ অর্থবছরের জুলাই-মে সময়কালে সেবা খাতের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৫৮ কোটি ৫০ লাখ ডলার। আর ২০০৮-০৯ অর্থবছরের একই সময় এই ঘাটতির পরিমাণ ছিল ১৫৪ কোটি ৬০ লাখ ডলার।আলোচ্য সময়কালে প্রবাসী-আয়ের প্রবৃদ্ধির হার আগেরবারের চেয়ে কমে এলেও সার্বিকভাবে তা চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত বাড়িয়ে দিতে সহায়তা করেছে। ২০০৯-১০ অর্থবছরের ১১ মাসে প্রবাসী-আয়ের পরিমাণ ছিল এক হাজার নয় কোটি ৫০ লাখ ডলার, যেখানে তার আগের অর্থবছরের একই সময় এর পরিমাণ ছিল ৮৭৭ কোটি ডলার। চলতি হিসাবে বড় ধরনের উদ্বৃত্ত থাকলেও আর্থিক হিসাবের ভারসাম্যে ঘাটতি বজায় রয়েছে। তবে এই ঘাটতি আগের বছরের একই সময়ের চেয়ে কিছুটা কম।বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, আলোচ্য অর্থবছরের ১১ মাসে আর্থিক হিসাবের ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে ৫৩ কোটি ১০ লাখ ডলার। আর আগের অর্থবছরের ১১ মাসে এই ঘাটতির পরিমাণ ছিল ৬৪ কোটি ডলার।এই সময়কালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ কোটি ১০ লাখ ডলার, যেখানে তার আগের অর্থবছরের একই সময়কালে ৯০ কোটি ১০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছিল।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য ১১ মাসে লেনদেনের সার্বিক ভারসাম্য দাঁড়িয়েছে ২৬৬ কোটি ১০ লাখ ডলার, যেখানে তার আগের ১১ মাসে সার্বিক ভারসাম্য ছিল ১৩৯ কোটি ৩০ লাখ ডলার। চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্তসহ লেনদেনের সার্বিক ভারসাম্য এই উদ্বৃত্তাবস্থা বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের আর্থিক সক্ষমতার ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো এক হাজার ১০০ কোটি ডলার অতিক্রম করেছে। এই অর্থ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি-ব্যয় মেটানো সম্ভব।