চলনবিলের শুঁটকি যাচ্ছে বিদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহৎ জলাভূমি চলনবিলে এখন থইথই পানি নেই, অনেকটাই শুকিয়ে এসেছে। ফলে বিস্তীর্ণ বিলজুড়ে চলছে ধান কাটা কিংবা অন্য ফসল রোপণের কাজ। তবে বিলের নিচু জায়গা বা বড় খালগুলোতে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। ভেসাল, সুতিজাল, বেড়জাল, পলো দিয়ে মাছ ধরছেন জেলেরা। আর পাশেই বাঁশের ছাউনিতে বসানো হয়েছে শুঁটকির অস্থায়ী চাতাল। সেখানে মিঠা পানির বিভিন্ন ধরনের মাছের শুঁটকি উৎপাদিত হচ্ছে।
পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অঞ্চলে সম্প্রতি সরেজমিন গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে। খালগুলোর দিকে এগোতেই নাকে লাগে তাজা মাছ কিংবা শুঁটকির গন্ধ। আলাপ করে জানা যায়, এসব শুঁটকি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি বিদেশেও যায়।
ব্যবসায়ীরা বলছেন, চলনবিলের শুঁটকি আমেরিকা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাইসহ ১০-১২টি দেশে রপ্তানি হচ্ছে। চলতি মৌসুমে এখানে ১৫০-২০০ মেট্রিক টন শুঁটকি তৈরির সম্ভাবনা রয়েছে। যার আর্থিক মূল্য হবে প্রায় ৫০ কোটি টাকা।
বিলের মধ্যেই সাতজন শুঁটকি ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, চলতি বছর চলনবিলের বিভিন্ন এলাকায় প্রায় ২৫০টি অস্থায়ী চাতাল বসেছে। এসব চাতালে শোল, বোয়াল, পুঁটি, খলশে, চেলা, টেংরা, বাতাসি, চিংড়ি, নলা, টাকি, বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করা হচ্ছে।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, মানভেদে এই শুঁটকি মাছকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডে বাছাই করা হয়। এর মধ্যে ‘এ’ গ্রেডের বা ভালো মানের শুঁটকি রপ্তানি হয় আমেরিকা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাইসহ ১০-১২টি দেশে। মূলত ঢাকার ব্যবসায়ীদের হাত ঘুরেই এখানকার শুঁটকি বিদেশে যায়। আর ‘বি’ ও ‘সি’ গ্রেডের শুঁটকি মাছ বিক্রি হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, রংপুর, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায়। শুঁটকির আকারভেদে দাম হয় ভিন্ন ভিন্ন। ছোট আকারের মাছের শুঁটকি প্রতিমণ ১৬ থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বড় আকৃতির মাছের শুঁটকি ৩০ থেকে ৭০ হাজার টাকা মণ।
নাটোরের গুরুদাসপুর উপজেলার ব্যবসায়ী নান্নু মিয়া প্রথম আলোকে জানান, গত বছর তাঁর চাতালে প্রায় ৭০০ মণ শুঁটকি হয়েছিল। এবারও সমপরিমাণ শুঁটকি তৈরির লক্ষ্য রয়েছে। তাঁর কাছ থেকে ঢাকা, সৈয়দপুর, নীলফামারীসহ বিভিন্ন এলাকার পাইকারেরা শুঁটকি কিনে নেন।
জানতে চাইলে পাবনার বেড়া উপজেলা থেকে চাটমোহর উপজেলার বোয়ালমারী এলাকায় শুঁটকি তৈরি করতে আসা ব্যবসায়ী আবদুর রাজ্জাক জানান, আশ্বিন থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত শুঁটকি তৈরি হয়। প্রতিমণ তাজা মাছ শুকালে ১৬ কেজি শুঁটকি পাওয়া যায়। এভাবে প্রায় তিন মণ তাজা মাছ শুকালে এক মণ শুঁটকি হয়।
ঢাকার আশুলিয়া থেকে আসা ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, ‘শুঁটকি ব্যবসায় লাভ যেমন আছে, তেমন লোকসানও আছে। ভালোভাবে মাছ শুকানো না হলে পচে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।’ তিনি আরও বলেন, ‘ভালো মানের শুঁটকির কদর বেশি। ঢাকার বড় ব্যবসায়ীরা এগুলো কিনে রপ্তানি করেন।’
চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, চলনবিলের মাছের শুঁটকি সুস্বাদু হয়। দিনে দিনে বিলে মাছ কমে গেলেও দেশে-বিদেশে শুঁটকির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই উন্নত মানের শুঁটকি তৈরি ও সংরক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করার সম্ভাবনা তৈরি হবে।
এ প্রসঙ্গে জেলা মৎস্য অফিসের জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুশীল চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘চলনবিলের শুঁটকির সুনাম ও চাহিদা দুটোই রয়েছে। ফলে আমরা এই শুঁটকির মান বৃদ্ধির জন্য চাতাল মালিকদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বিবেচনা করছি। আশা করি, প্রক্রিয়াটি শুরু হলে এই অঞ্চলের শুঁটকি ব্যবসা আরও বহুদূর এগিয়ে যাবে।’