চলমান গ্যাসসংকট নিয়ে বিকেএমইএর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) গ্যাসের তীব্র সংকট ও সরবরাহের অপ্রতুলতার কারণে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র, সার কারখানা ও সিএনজি স্টেশনগুলোকে গ্যাস রেশনিং প্রক্রিয়ার আওতায় এনে শ্রমঘন রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বাড়ানোই হবে এ সময়ের প্রেক্ষাপটে বাস্তবসম্মত পদক্ষেপ। বিকেএমইএর সভাপতি মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এসব কথা বলা হয়। এতে বলা হয়েছে, সাম্প্র্রতিককালে গ্যাসের তীব্র সংকট এবং এর সরবরাহের অপ্রতুলতার কারণে দেশের একক বৃহত্তম রপ্তানিমুখী খাত নিটশিল্প বর্তমানে এক ভয়াবহ সময় অতিক্রম করছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের বেশকিছু অঞ্চলে ব্যাপকহারে গ্যাসের সংকটের কারণে রপ্তানিমুখী অনেকগুলো প্রতিষ্ঠানের স্বাভাবিক উত্পাদন কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।এতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব গ্যাস রেশনিং প্রক্রিয়া শুরু ও গ্যাসের ব্যবস্থাপনাগত মানের উন্নতি ঘটাতে না পারলে চলমান বৈশ্বিক মন্দার প্রভাব থেকে উত্তরণে দেশের রপ্তানি খাতগুলো যে প্রচেষ্টা চালাচ্ছে, তা মারাত্মকভাবে ব্যাহত হবে।বিকেএমইএর সভাপতি বলেন, গ্যাসসংকট নিয়ে বেশ কিছুদিন ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, পেট্রোবাংলা এবং তিতাস গ্যাসের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হলেও এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি।