চা প্রক্রিয়াজাতকরণ কারখানা ঠাকুরগাঁওয়ে
অনুকূল আবহাওয়া আর গম, ভুট্টা ও ধানের চেয়ে বেশি লাভ হওয়ায় ঠাকুরগাঁওয়ের ছোট চাষিরা চা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বাড়ছে একের পর এক চা-বাগানের সংখ্যা। কিন্তু হাতের নাগালে কোনো চা প্রক্রিয়াজাতকরণ কারখানা না থাকায় বাগানের চা-পাতা নিয়ে চাষিদের বিড়ম্বনায় পড়তে হয়। এই চাষিদের স্বস্তি দিতে গ্রিনফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি চা প্রক্রিয়াজাতকরণ কারখানা যাত্রা শুরু করেছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে গত মঙ্গলবার বেসরকারি উদ্যোগে নির্মিত চা প্রক্রিয়াজাতকরণ কারখানাটি উদ্বোধন করেন সাংসদ মো. দবিরুল ইসলাম। এটি জেলার একমাত্র চা প্রক্রিয়াজাতকরণ কারখানা।
গ্রিনফিল্ড টি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়জুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম, সাবেক সচিব এ এম আবদুল জব্বার, বিবিএলটিএফএর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, ক্ষুদ্র চা-বাগান মালিক সমিতির সভাপতি আমিরুল হক, চা-চাষি আশুতোষ বসাক প্রমুখ বক্তব্য দেন।
২০০৭ সালে ঠাকুরগাঁওয়ে চা চাষ শুরু হয়। বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৩৫টি বাগানের ১৫৯ হেক্টর জমিতে চা চাষ হচ্ছে। এর প্রায় অর্ধেক ছোট বাগান। এসব তথ্য দিয়ে ফয়জুল ইসলাম বলেন, চা-চাষিরা পাতার ন্যায্য মূল্য পেতেন না। এলাকার ক্ষুদ্র চা-চাষিদের সম্পৃক্ত করেই গ্রিনফিল্ড কারখানাটি পরিচালিত হবে। ফলে চাষিরা ন্যায্য মূল্য পাবেন। কারখানায় প্রতিদিন ১০ হাজার কেজি চা প্রক্রিয়াজাত করা হবে।
উপজেলার ক্রান্তি ভিটার রফিকুল ইসলাম নামের একজন চা-চাষি বলেন, ‘ঠাকুরগাঁওয়ের চাষিদের পঞ্চগড়ে চা-পাতা নিয়ে যেতে হতো। সেখানে পাতার ওজন নিয়ে ঝামেলা হতো। পাতার দামও ঠিকমতো পাওয়া যেত না। তবে এখানে কারখানাটি চালু হওয়ায় আমাদের ভোগান্তি কম হবে।’
মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, চা প্রক্রিয়াজাতকরণ কারখানাটি চালু হওয়ায় এলাকার ক্ষুদ্র চা-চাষিদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে ভূমিকা রাখবে। এতে করে চা চাষ সম্প্রসারিত হবে।
রনবাগ ইসলাম টি এস্টেটের মালিক ও সাংসদ দবিরুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁও হিমালয়ের পাদদেশে অবস্থিত। সীমান্তের ওপারে দার্জিলিংয়ের চা পৃথিবীখ্যাত। আমাদের এখানেও ভালো মানের চা উৎপাদিত হবে। তবে চা শিল্পের বিকাশে আরও কাজ করতে হবে।’