চা রপ্তানিকারক দেশ এখন আমদানিকারক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের দশকে চা রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। বিদেশি ক্রেতাদের কাছে চায়ের চাহিদা ভালো থাকায় তখন এ দেশের রপ্তানি পণ্যের তালিকায় ওপরের দিকেই ছিল চা। এর কয়েক বছর পর থেকে চায়ের রপ্তানি কমতে থাকে। আর কয়েক বছর ধরে তা কমছে ব্যাপক হারে।দেশে চায়ের উৎপাদন গত পাঁচ বছরে বেড়েছে ৪৫ লাখ টন। একই সময়ে দেশে চায়ের চাহিদা বেড়েছে ৮৮ লাখ টন। অর্থাৎ উৎপাদনের দ্বিগুণ হারে দেশে চায়ের চাহিদা বাড়ছে। সে কারণেই পাঁচ বছরের ব্যবধানে চায়ের রপ্তানি ৮০ লাখ কেজি থেকে কমে দাঁড়িয়েছে ১৫ লাখ কেজিতে। দেশীয় চাহিদা বাড়ার কারণেই চায়ের রপ্তানি কমে যাচ্ছে। আর চাহিদা যেভাবে বাড়ছে সে অনুযায়ী দেশে উৎপাদন না বাড়লে আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো চাহিদা মেটাতে বাংলাদেশকে চা আমদানি করতে হবে।বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে এখন ১৬৩টি চা-বাগান এবং ২৫৭ জন ক্ষুদ্র চাষি চা উৎপাদন করছেন। এর মধ্যে মৌলভীবাজারে ৯০টি, হবিগঞ্জে ২৩টি, চট্টগ্রামে ২২টি, সিলেটে ১৯টি, পঞ্চগড়ে সাতটি এবং রাঙামাটি ও ব্রাহ্মণবাড়িয়ায় একটি করে চা-বাগান আছে।উৎপাদন ও চাহিদার চিত্র: চা বোর্ডের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালে দেশের চা-বাগানগুলোয় পাঁচ কোটি ৮৫ লাখ কেজি চা উৎপাদিত হয়। সে বছর দেশে চায়ের মোট চাহিদা ছিল পাঁচ কোটি ২২ লাখ কেজি।২০০৯ সালে চায়ের উৎপাদন বেড়ে দাঁড়ায় ছয় কোটি কেজিতে। পরের বছরও একই পরিমাণ উৎপাদন হয়।কিন্তু এ সময় চাহিদা বেড়ে দাঁড়ায় পাঁচ কোটি ৭৫ লাখ কেজিতে। চায়ের চাহিদা যখন ক্রমেই বাড়ছিল সে অবস্থায় ২০১১ সালে চায়ের উৎপাদন আগের চেয়ে কমে যায়। সে বছর উৎপাদিত হয় পাঁচ কোটি ৯১ লাখ কেজি চা। এই সময়ে চাহিদা বাড়ে ১০ লাখ কেজি। তাতে মোট চাহিদার পরিমাণ দাঁড়ায় পাঁচ কোটি ৮৫ কেজিতে।অবশ্য গত বছর দেশে উৎপাদনের পরিমাণ অনেকটা বেড়ে যায়। উৎপাদিত হয় ছয় কোটি ৩০ লাখ কেজি চা। সে সময় চাহিদাও ছয় কোটি কেজি ছাড়িয়ে যায়। মোট চাহিদার পরিমাণ দাঁড়ায় ছয় কোটি ১০ লাখ কেজি।চা বোর্ড সূত্র জানায়, দেশের চা-বাগানগুলোর মোট আয়তন এক লাখ ১৬ হাজার হেক্টর হলেও এর মাত্র ৪৭ শতাংশ জমিতে বর্তমানে চা চাষ হয়। ৬২ হাজার হেক্টরের বেশি জমিতে বর্তমানে চা চাষ হয় না। ফলে অভ্যন্তরীণ চায়ের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দেশে চায়ের উৎপাদন বাড়ানো যাচ্ছে না।কমছে রপ্তানি, হচ্ছে আমদানি: আশির দশকে বাংলাদেশ প্রায় প্রতিবছরই তিন কোটি কেজি চা বিভিন্ন দেশের রপ্তানি হতো। তবে অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় দিন দিন রপ্তানি কমে যাচ্ছে।২০০৮ সালে এ দেশ থেকে ৮৫ লাখ কেজি চা বিভিন্ন দেশে রপ্তানি হয়। পরের বছর তা কমে দাঁড়ায় ৩২ লাখ কেজিতে। ২০১০ সালে চা রপ্তানির পরিমাণ আরও কমে হয় ১০ লাখ কেজি। ২০১১ সালে চা রপ্তানির পরিমাণ আবার বেড়ে দাঁড়ায় ১৫ লাখ কেজিতে। আর গত বছরও একই পরিমাণ চা রপ্তানি হয়।এখনো জাপান, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, পাকিস্তানসহ কয়েকটি দেশে চা রপ্তানি হচ্ছে।রপ্তানির পরিমাণ কমার পাশাপাশি দেশে বাড়ছে চা আমদানিও। চট্টগ্রাম কাস্টমসের একটি সূত্র জানায়, গত তিন বছরে প্রায় এক কোটি চার লাখ ২১ হাজার ৪০৫ কেজি চা আমদানি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৪ লাখ ৬০ হাজার ৬৮৮ কেজি চা আমদানি হয়েছে ২০১১ সালে। এ ছাড়া ২০১০ সালে ২৯ লাখ ৭০ হাজার ৩২২ এবং ২০১২ সালে ১৯ লাখ ৯০ হাজার ৩৯৫ কেজি চা আমদানি করা হয়। চট্টগ্রামের আগ্রাবাদকেন্দ্রিক টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, বর্তমানে বেশির ভাগ চা আমদানি হয় ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে। শ্রীলঙ্কা ও ভারত থেকেও কিছু চা আমদানি হচ্ছে।আমদানিকারক দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চা আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এ বছর আমদানি কিছুটা কমেছে। তাঁরা বলছেন, চা আমদানিতে আগে থেকেই ৫৪ শতাংশ ভ্যাট ও শুল্ক দিতে হতো। চলতি অর্থবছরে সরকার আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।ঝুলে আছে মহাপরিকল্পনা: চা চাষের উন্নয়নে ২০০৯ সালে চা বোর্ড ১২ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা তৈরি করে সরকারের কাছে পেশ করলেও এখনো তা আলোর মুখ দেখেনি। একাধিক মন্ত্রণালয়ে ঘুরছে সেই মহাপরিকল্পনার ফাইল। ১০টি গুরুত্বপূর্ণ প্রকল্পের ওই মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যয় ধরা হয় ৯৬৭ কোটি টাকা।বোর্ড সূত্র জানায়, মহাপরিকল্পনার অন্যতম একটি প্রকল্প হচ্ছে ‘চা চাষ সম্প্রসারণ প্রকল্প’। চায়ের অব্যাহত চাহিদা বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে উৎপাদন বাড়াতে প্রকল্পটি নেওয়া হয়েছিল। ২০৫ কোটি টাকার এই প্রকল্পের আওতায় ছয় হাজার ৪৪০ হেক্টর জমিতে চা চাষ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। আট বছর মেয়াদি এ প্রকল্পটি বাস্তবায়িত হলে এক কোটি ৬০ লাখ কেজি চা উৎপাদন বাড়বে। প্রকল্প-সংশ্লিষ্ট চা বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রকল্পটিতে ঋণ আকারে কম সুদে ২০৫ কোটি টাকার অর্থ সংস্থানের প্রস্তাব করা হয়। যা পরে সরকার ফেরত পাবে।এ প্রকল্পের অর্থসংস্থানের জন্য ইতিমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের চাহিদাপত্র পাঠিয়েছেন।