
চা-শিল্পে কর্মরত পাঁচ লাখের বেশি শ্রমিকের মজুরি মানসম্মত জীবনযাপনের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের প্রথম চা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, চা-শ্রমিকদের বেতন এখনো যথেষ্ট নয়। এই খাতের শ্রমিকদের বড় একটি অংশ নারী। চা-শ্রমিকদের মজুরি বাড়াতে এবং তাঁদের জীবনমান উন্নয়নে এই শিল্পের যেকোনো উদ্যোগকে সরকার সহযোগিতা করবে।
বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল থেকে তিন দিনব্যাপী এই চা প্রদর্শনী শুরু হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান।
বাংলাদেশের চা-শিল্পের অবস্থান ও প্রকৃতি, বিভিন্ন ধরনের চা, চায়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পণ্যের প্রসার, চা-বাগানের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি, চা-শিল্পের অংশীদারদের একত্র করা এবং চা পর্যটনশিল্পের সম্ভাবনা এ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে গতকাল বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিটি-১৯ ও বিটি-২০ নামে চায়ের দুটি নতুন জাত উদ্বোধন করা হয়। ভালো মানের নানা রকমের চা এবং চা-সম্পর্কিত বিভিন্ন পণ্য কেনার সুযোগ আছে প্রদর্শনীতে। প্রদর্শনী উপলক্ষে চায়ের দামে নগদ অর্থ ছাড় ও বিনা মূল্যে চা পানের সুযোগ ক্রেতা-দর্শনার্থীদের জন্য রয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ১৯৭১ সালে দেশে বার্ষিক চায়ের উৎপাদন ছিল মাত্র ৫৭ লাখ কেজি। আর ১৯৮০ সালে চা উৎপাদিত হয়েছিল ৪ কোটি কেজি। বর্তমানে অর্থাৎ ২০১৬ সালে উৎপাদিত হয়েছে প্রায় সাড়ে ৮ কোটি কেজি। ২০২৫ সালের মধ্যে দেশে ১৩ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ হিসাব থেকেই দেখা যায়, চায়ের উৎপাদন ও চাহিদা দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চা-শিল্পের ব্যাংকঋণের সুদের হার কমিয়ে দেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, বাংলাদেশে দিন দিন চায়ের চাহিদা বাড়ছে। এর চাহিদা পূরণে চা বোর্ড বান্দরবান ও উত্তরবঙ্গের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট জেলায় চা সম্প্রসারণ প্রকল্প রয়েছে। বিশ্বের মোট চা উৎপাদনের ৩ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। ২০২১ সালের মধ্যে সাড়ে ১২ কোটি কেজি চা উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে চা বোর্ড। এই আয়োজন ওই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান আরদাশীর কবির বলেন, চা উৎপাদনে একবার বিনিয়োগ করলে সেটি ফেরত পেতে কমপক্ষে ১২ বছর সময় লাগে। চায়ের বাড়তি চাহিদা মোকাবিলায় তাই এ খাতে আর্থিক সহায়তা খুব গুরুত্বপূর্ণ। চা-শ্রমিকদের বাসস্থানের জন্য তৈরি পোশাক খাতের মতো স্বল্প সুদে একটি তহবিল তৈরি করা হলে এ শিল্প আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান আরদাশীর কবির, চা ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু বিশ্বাস, চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আলতাফ হোসেন প্রমুখ।
তিন দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে আগামীকাল শনিবার। প্রদর্শনীর ফেসবুক পেজে নিবন্ধন করে বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন ও ১৬টি স্টল রয়েছে। এই আয়োজনে সহযোগী রয়েছে সিটি গ্রুপ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ, ফিনলে টি, এইচআরসি, ইস্পাহানী ও সিলোন টি। প্রদর্শনী উপলক্ষে ‘এক কাপ চা’ নামের একটি থিম সং তৈরি করা হয়েছে।