চাঁদপুরে অনলাইন ইলিশ বাজার চালু হচ্ছে আজ
চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এলাকায় অনলাইন ইলিশ বাজার কার্যক্রম আজ বুধবার উদ্বোধন করা হচ্ছে। এ বাজার থেকে দেশ এবং দেশের বাইরে বসে অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট মূল্যে ইলিশ মাছ কেনা যাবে। অনলাইনে ইলিশ বাজারের মাধ্যমে ক্রেতারা তাঁদের পছন্দের মাছ খুব সহজেই ক্রয় করতে পারবেন। চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এলাকায় অনলাইন ইলিশ বাজার উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে অনলাইন ইলিশ বাজারের জন্য একটি দোকান তৈরি করেছি আমরা। অনলাইন ইলিশ বাজারের মধ্যে ক্রেতারা অনেক সুযোগ-সুবিধা পাবেন। এখানে শুধু ইলিশ নয়, পাশাপাশি নদনদীর সব ধরনের তাজা মাছ বিক্রি করা হবে। আর এসব মাছের দাম নির্ধারিত থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই বলেন, ‘চাঁদপুরের অনলাইন ইলিশ বাজার থেকে দেশ-বিদেশে থাকা ক্রেতারাও মাছ কেনার সুযোগ পাবেন। তবে বছরের যে সময়গুলো ইলিশ ধরা বন্ধ থাকবে, তখন আমাদের অনলাইন ইলিশ বাজারও বন্ধ থাকবে।’