চাঁদপুরে পটেটো ফ্লেকস কারখানা পরিদর্শনে ডাচ্ রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এলফোনস হ্যানিক্যান্স গতকাল বুধবার চাঁদপুর শহরের ইচলী ঘাট এলাকার পাটওয়ারী পটেটো ফ্লেকস লিমিটেড ও পাটওয়ারী কোল্ডস্টোরেজ পরিদর্শন করেছেন।নেদারল্যান্ডের রাষ্ট্রদূত পটেটো ফ্লেকস কারখানা ও কোল্ডস্টোরেজটি ঘুরে দেখেন। এ সময় তাঁর সফরসঙ্গী মিকাইল রিডাইন ছাড়াও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউল ইসলাম, পাটওয়ারী পটেটো ফ্লেকসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল পাটওয়ারী, কারখানার ব্যবস্থাপক আবদুল কাদের মাস্টার, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।আবদুল আউয়াল পাটওয়ারী জানান, রাষ্ট্রদূত মূলত এই এলাকায় আলু উত্পাদন বাড়ানোসহ কারখানা দুটিতে নতুন প্রযুক্তি ব্যবহার করে আলু থেকে আরও কোনো পণ্য তৈরি করা যায় কি না, তা দেখতে এসেছেন। এ ছাড়া তিনি নেদারল্যান্ড সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া যায় কি না, সেটি ভেবে দেখবেন বলে জানান। কারণ এই কারখানার আলুবীজ ও যন্ত্রপাতি—সবই নেদারল্যান্ড থেকে আনা হয়েছে।আবদুল আউয়াল আরও জানান, ২০০৩ সাল থেকে এই কারখানায় রপ্তানিযোগ্য উন্নত মানের আলুর ফ্লেকস উত্পাদন শুরু হয়।