চাঁদপুরে বিশেষায়িত ইলিশ গবেষণাপ্রতিষ্ঠান হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ইলিশের জন্য চাঁদপুরে একটি বিশেষায়িত ইলিশ গবেষণাপ্রতিষ্ঠান নির্মাণ করা হবে। তিনি জানান, চাঁদপুরে মাত্স্যবিজ্ঞান ও নদীগবেষণা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। আজ শনিবার দুপুরে চাঁদপুরে সর্বপ্রথম মত্স্য ডিপ্লোমা ইনস্টিটিউট ভবন ও ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।দীপু মনি আরও বলেন, প্রস্তাবিত নারীনীতিতে কোরআন-সুন্নাহবিরোধী একটি অক্ষর বা একটি শব্দও নেই। মা-বোন, দেশ তথা দেশের উন্নয়নের স্বার্থে মিথ্যা প্রচারকারীদের ঠেকাতে হবে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৬১ সালের নারী আইনে অনেক কিছুর পরিবর্তন হয়নি, এখন তা আনা হচ্ছে। তিনি নারী অধিকার হরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, দেশে মত্স্যজীবী বা জেলেদের এখনো কোনো জরিপ বা তালিকা নেই। অথচ অন্যান্য পেশার লোকজনের তালিকা রয়েছে। দেশে জেলেদের তালিকা করে পরিচয়পত্র দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।লতিফ বিশ্বাস জানান, দেশের মধ্যে সর্বপ্রথম একমাত্র চাঁদপুরে মত্স্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপিত হয়েছে। আর এতে ব্যয় হয়েছে ছয় কোটি ১৮ লাখ টাকা। দেশের গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ জেলাসহ সারা দেশে এ ধরনের মত্স্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন করা হবে।