চাঁদপুরের ডিলাররা টিসিবির পণ্য বিক্রি করছেন না
চাঁদপুর সদরসহ বিভিন্ন উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২২ জন ডিলার থাকলেও তাঁরা রমজান মাসে খোলা বাজারে পণ্য বিক্রি করছেন না।
জানা গেছে, রোজা উপলক্ষে দেশের বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নির্ধারিত মূল্যে বিক্রির জন্য চাঁদপুরের ডিলারদের নামেও টিসিবি চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন ও পাম তেল ও খেজুর বরাদ্দ করে। কিন্তু তাঁদের মধ্যে দু-একজন পণ্য তুললেও এখনো তা বিক্রি করতে দেখা যায়নি। অন্যরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে (২৪ জুন-৭ জুলাই) এসব পণ্য তোলেননি।
যোগাযোগ করলে চাঁদপুর সদরের ডিলাররা প্রথম আলোকে জানান, ট্রাকে পণ্য পরিবহন ও গুদাম ভাড়া, শ্রমিকের মজুরি এবং আনুষঙ্গিক খরচ হিসাব করলে টিসিবির পণ্যে তাঁদের পোষায় না। এ ছাড়া বাজারের সঙ্গে টিসিবির পণ্যের মূল্যে ব্যবধানটা কম। সে জন্য তাঁরা টিসিবির পণ্য তোলেননি।
জেলা বাজার কর্মকর্তা রেজাউল করিম জানান, এখন পর্যন্ত চাঁদপুর সদরের দুজন ও মতলব দক্ষিণের একজন ডিলার পণ্য তুলেছেন। তবে পণ্য বিক্রি করতে দেখা যায়নি।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চাঁদপুর জেলার সভাপতি জীবন কানাই চক্রবর্তী বলেন, ‘টিসিবির কার্যক্রমে আমরা মোটেও সন্তুষ্ট নই।’