চাঁদরাতে বড় লোকসান বাটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইকারিতে বকেয়ার বদলে নগদে ব্যবসার দিকে ঝুঁকছে বাটা। তাতে পাইকারিতে বিক্রি কমে গেছে। এমন পরিস্থিতিতে নিজস্ব বিক্রয়কেন্দ্র বাড়িয়ে ব্যবসার প্রসার ঘটাচ্ছে প্রতিষ্ঠানটি। গতকাল বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বাটার একটি বিক্রয়কেন্দ্রে।  ছবি : প্রথম আলো
পাইকারিতে বকেয়ার বদলে নগদে ব্যবসার দিকে ঝুঁকছে বাটা। তাতে পাইকারিতে বিক্রি কমে গেছে। এমন পরিস্থিতিতে নিজস্ব বিক্রয়কেন্দ্র বাড়িয়ে ব্যবসার প্রসার ঘটাচ্ছে প্রতিষ্ঠানটি। গতকাল বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বাটার একটি বিক্রয়কেন্দ্রে। ছবি : প্রথম আলো

ঠিক সময়ে চাঁদ দেখা গেল না বলে এক রাতেই বাটা শু কোম্পানির লোকসান প্রায় ৬ কোটি টাকা। দেশজুড়ে পরিবেশক থাকলেও বাকিতে আর লেনদেন নয়—নগদে ব্যবসা করার এই নীতিতে অটল থাকায় আরও লোকসান। বাটা শু বহুজাতিক প্রতিষ্ঠান, ফলে দিতে হয় রয়্যালটি। তাতেও বাড়তি খরচ। সব মিলিয়ে এ তিন কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত জুতা উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি বাটা শুর আয়ে বড় ধরনের ধাক্কা লেগেছে।

গত রোববার অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বাটা শু। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়কালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৫০ পয়সায়। গত বছরের (২০১৮ সাল) একই সময়ে যার পরিমাণ ছিল ৪৬ টাকা ৪২ পয়সা। সেই হিসাবে গত ছয় মাসে কোম্পানিটির ইপিএস আগের বছরের একই সময়ের চেয়ে ২৫ টাকা ৯২ পয়সা বা প্রায় ৫৬ শতাংশ কমে গেছে।

বাটার অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে পাইকারি ও খুচরা মিলিয়ে কোম্পানিটি জুতা ও অন্যান্য পণ্য বিক্রি করেছে ৪৫৯ কোটি টাকার। গত বছরের একই সময়ে বিক্রি ছিল ৫১৫ কোটি টাকা। সেই হিসাবে কোম্পানিটির বিক্রি এক বছরের ব্যবধানে কমে গেছে ৫৬ কোটি টাকা বা প্রায় ১১ শতাংশ। এরই প্রভাব পড়েছে ইপিএসে। আয় কমে যাওয়ায় গত তিন দিনে ডিএসইতে বাটা শুর শেয়ারের দর ৬৬ টাকা বা সোয়া ৬ শতাংশের বেশি কমে নেমে এসেছে ৯৬৮ টাকায়।

কোম্পানি–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছরের শুরু থেকে দেশজুড়ে পাইকারিতে বকেয়ায় পণ্য বিক্রির বদলে নগদে বিক্রির কৌশল নিয়েছে বাটা। পাশাপাশি বাজারে যেসব বকেয়া রয়েছে, সেগুলো উদ্ধারেও তৎপরতা বাড়িয়েছে তারা। এ কারণে গত ছয় মাসে পাইকারিতে কোম্পানির বিক্রি প্রায় ৪৪ শতাংশ কমে গেছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন–সময়ে পাইকারিতে বাটা শু ১৪৫ কোটি ৪০ লাখ টাকার জুতা ও অন্যান্য পণ্য বিক্রি করে। আর চলতি বছরের প্রথম ছয় মাসে বিক্রি হয় সাড়ে ৮১ কোটি টাকার জুতা ও অন্যান্য পণ্য।

কোম্পানি সূত্রে জানা গেছে, পাইকারিতে সারা দেশে প্রায় ৯০০ পরিবেশক বা ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করে কোম্পানিটি। এসব পরিবেশকের কাছে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের পাওনা প্রায় ২০০ কোটি টাকা। সেখান থেকে গত ছয় মাসে ৬০ কোটি টাকা আদায় করা হয়েছে। বকেয়া রয়েছে আরও ১৪০ কোটি টাকা। পরিবেশকদের মাধ্যমে পণ্য বিক্রি ছাড়াও বাটা শু নিজেরা সরাসরি দেশজুড়ে ২৫২টি নিজস্ব বিক্রয়কেন্দ্র বা শোরুমের মাধ্যমে খুচরা পর্যায়ে জুতা ও অন্যান্য পণ্য বিক্রি করে।

>

তিন কারণে কোম্পানিটির জুতা ও অন্যান্য সামগ্রীর বিক্রি কমেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারের দামে।

কোম্পানির দায়িত্বশীল একাধিক ব্যক্তি জানিয়েছেন, ২০১৯ সালের মধ্যে বাজার থেকে সব বকেয়া আদায়ের পরিকল্পনা গ্রহণ করেছে কোম্পানিটি। পাশাপাশি এ বছর থেকে বকেয়ার বদলে পাইকারিতে নগদে জুতা ও অন্যান্য পণ্য বিক্রি শুরু করা হয়েছে। এ কারণে বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির জুতা বিক্রিতে ধাক্কা লেগেছে।

জানতে চাইলে বাটা শুর কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক হাশিম রেজা প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বছর থেকে পাইকারিতে বকেয়ার বদলে নগদে জুতা বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি যেসব বকেয়া অনাদায়ি রয়েছে, সেগুলো আদায় করে পুরোপুরি নগদে ব্যবসার দিকে ঝুঁকছি। এ সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে সাময়িকভাবে আমাদের বিক্রিতে কিছুটা ধাক্কা লেগেছে।’

হাশিম রেজা আরও বলেন, নিয়মিত বিক্রির পাশাপাশি প্রতিবছর ঈদুল ফিতরের সময় চাঁদরাতে (ঈদের দিনের আগের রাতে) বড় অঙ্কের জুতাসহ অন্যান্য পণ্য বিক্রি হয়। কিন্তু এবার গভীর রাতে ঈদের ঘোষণা আসায় সেই বিক্রিতেও বড় ধরনের ধাক্কা লাগে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০১৮ সালে শুধু চাঁদরাতেই (ঈদুল ফিতরের আগের রাত) ১৫ কোটি ৪০ লাখ টাকার জুতা বিক্রি করেছিল বাটা। এবার সেখানে বিক্রি হয়েছে ৯ কোটি ৭০ লাখ টাকার। এবার চাঁদ দেখা কমিটি চূড়ান্তভাবে ঈদের দিনের ঘোষণা দেয় রাত ১০টার পর। ততক্ষণে দেশজুড়ে থাকা বাটার অনেক বিক্রয়কেন্দ্রই বন্ধ হয়ে যায়। এ কারণেই এবারের চাঁদরাতে আগের বছরের চেয়ে ৫ কোটি ৭০ লাখ টাকার বিক্রি কম হয়েছে কোম্পানিটির।

এ ছাড়া গত জুনের পর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটার রয়্যালটি ফি বা মাশুল ২ শতাংশের বেশি বেড়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৭ কোটি টাকা। সারা বছরে বাংলাদেশে বাটার যত জুতা ও পণ্য বিক্রি হতো, তার ২ দশমিক ২৫ শতাংশ হারে রয়্যালটি দিতে হতো বাটা ব্র্যান্ডের মূল উদ্যোক্তাকে। গত বছরের জুন থেকে এ রয়্যালটির হার বাড়িয়ে ৪ দশমিক ৪ শতাংশ করা হয়েছে। বাটা ব্র্যান্ড ছাড়াও দেশজুড়ে বাটার বিক্রয়কেন্দ্রে হাসপাপিস ব্র্যান্ডের জুতাও বিক্রি হয়। এ জন্য হাসপাপিস ব্র্যান্ডকে ৬ শতাংশ হারে র‌য়্যালটি দিতে হয়। কোম্পানি–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সারা বছর দেশজুড়ে মোট বিক্রির ৯০ শতাংশই হয় বাটার জুতা ও অন্যান্য পণ্য। আর ১০ শতাংশ হাসপাপিসের।

বাটার ইতিহাস

১৮৯৪ সালের আগস্টে ইউরোপের দেশ চেক রিপাবলিকে থমাস বাটা তাঁর নামে জুতা তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। এরপর তা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং বহুজাতিক কোম্পানিতে পরিণত হয়। এটি একটি পারিবারিক ব্যবসা। ১৯৩২ সালে এক বিমান দুর্ঘটনায় কোম্পানিটির প্রতিষ্ঠাতা থমাস বাটা মারা গেলে জুনিয়র থমাস কোম্পানিটির দায়িত্ব নেন। বর্তমানে এটির প্রধান কার্যালয় নেদারল্যান্ডসে। ১৯৬২ সালে কোম্পানিটি বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে এটি বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামে এ দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে কোম্পানিটির দুটি কারখানা রয়েছে। ১৯৮৫ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বাটা বাংলাদেশের ৭০ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে নেদারল্যান্ডসে অবস্থিত বাটা পরিবারের প্রতিষ্ঠান বাফিনের হাতে। বাকি ৩০ শতাংশ শেয়ার রয়েছে স্থানীয় প্রাতিষ্ঠানিক, ব্যক্তিশ্রেণি ও প্রবাসী বিনিয়োগকারীর হাতে। বর্তমানে বিশ্বজুড়ে কোম্পানিটির প্রায় সাড়ে ৫ হাজার বিক্রয়কেন্দ্র আর কারখানা রয়েছে ২৩টি, যার মধ্যে বাংলাদেশেই দুটি কারখানা।