চাঁদা সংগ্রহের অনুমতি পেল তিন কোম্পানি
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য নতুন তিনটি কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা সংগ্রহের অনুমতি দিয়েছে।কোম্পানি তিনটি হলো এনভয় টেক্সটাইল, সামিট পূর্বাঞ্চল ও আরগন ডেনিমস। গতকাল বুধবার কমিশনের নিয়মিত এক সভায় এই অনুমতি দেওয়া হয়। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশন ইতিপূর্বে কোম্পানি তিনটির আইপিও প্রস্তাব অনুমোদন করলেও সেই সময় বাজার পরিস্থিতি খারাপ থাকায় তারা চাঁদা গ্রহণের তারিখ স্থগিত করার আবেদন জানায়। এসইসি ওই আবেদন অনুমোদন করে। গতকাল নতুন করে এসব কোম্পানিকে চাঁদা গ্রহণের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে সামিট পূর্বাঞ্চল ও আরগন ডেনিমসের শেয়ারের আগের অনুমোদিত বিক্রয়মূল্য কমিয়েছে কমিশন। এর কারণ হিসেবে কমিশন বাজারের সার্বিক অবস্থার কথা উল্লেখ করেছে।কমিশনের নতুন সিদ্ধান্তে সামিট পূর্বাঞ্চলের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) সঙ্গে ৩০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে এই দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে কোম্পানিটির শেয়ারপ্রতি বিক্রয়মূল্য কমেছে পাঁচ টাকা। এর আগে কমিশন কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্যের সঙ্গে ৩৫ টাকা অধিমূল্য যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করেছিল ৪৫ টাকা। কোম্পানিটি আগামী ১১ নভেম্বর থেকে নতুন নির্ধারিত মূল্যে আইপিওর চাঁদা সংগ্রহ শুরু করবে। এ ছাড়া আরগন ডেনিমসের আগের বিক্রয়মূল্য ৪৪ থেকে কমিয়ে ৩৫ টাকায় নামিয়ে এনেছে এসইসি। আগেরবার কোম্পানিটির শেয়ারপ্রতি ৩৪ টাকা অধিমূল্য নির্ধারণ করা হলেও গতকাল তা ২৫ টাকায় নামিয়ে আনা হয়েছে। এর ফলে কোম্পানিটির শেয়ারপ্রতি বিক্রয়মূল্য নয় টাকা কমে গেল। কোম্পানিটি আগামী ১৮ নভেম্বর থেকে আইপিওর চাঁদা সংগ্রহ শুরু করবে বলে এসইসি জানিয়েছে।এনভয় টেক্সটাইলের ইতিপূর্বে অনুমোদিত বিক্রয়মূল্যই বহাল থাকবে।