চাঁদাবাজদের তালিকা চাইলেন বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রাজধানীর কারওয়ানবাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
প্রথম আলো

চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীদের দাবির পর এবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কোথায়, কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তার তালিকা চাইলেন সাংবাদিকদের কাছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপনারা তালিকা দেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাব।’

রোজার প্রথম দিনে আজ রোববার রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শনের সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই তালিকা চান তিনি। রমজানে বাজার তদারকির অংশ হিসেবে আজ কারওয়ান বাজারে এসেছিলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বাজার ঘুরে যাচাই করে দেখেন নিত্যপণ্যের মূল্য।

চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে, গতকাল শনিবার মতবিনিময়কালে এমন দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ব্যবসায়ীদের এমন দাবির বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কোন কোন পয়েন্টে চাঁদাবাজি হয়, কারা করে আমাকে জানান। আমি বিষয়টা হোম মিনিস্টারকে (স্বরাষ্ট্রমন্ত্রী) জানাব। আমার ফোন নম্বর আপনাদের দিয়ে যাব। আমাকে জানাবেন। এ ছাড়া এই সপ্তাহে বিষয়টি নিয়ে হোম মিনিস্টারের (স্বরাষ্ট্রমন্ত্রী) সঙ্গে মিটিংয়ে বসার চেষ্টা করব। যাতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়।’

শনিবার এফবিসিসিআইয়ের মতবিনিময় সভায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সড়ক-মহাসড়কে পুলিশ ও কাঁচাবাজারে প্রভাবশালীরা ‘গুপ্ত’ চাঁদাবাজিতে জড়িত। এসব চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দামও কমবে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

এদিকে কারওয়ান বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী মন্তব্য করেন বাজার নিয়ন্ত্রণে করপোরেট ব্যবস্থাপনা থাকা দরকার। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর কাজ নয় প্রতিদিন বাজারে এসে দেখে বেড়ানো। আমি যদি প্রতিদিন তিন ঘণ্টা বাজারে ব্যয় করি, তাহলে রপ্তানির যে বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ করলাম, সেটা কীভাবে বাস্তবায়ন করব।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। গতকাল মিডিয়ায় বলা হয়েছে, অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা কমলেও ফলের দাম বেশি। সারা দুনিয়ায় উৎসবের সময় ব্যবসায়ীরা ছাড় দেন। রমজান মাসে যেখানে মানুষ সংযমী হবে, সেখানে যদি আমরা সুযোগ নিই, তাহলে তো আল্লাহ আমাদের মাফ করবেন না।’

পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটা দোকানে দামের তালিকা থাকতে হবে। অধিকাংশ দোকানে দেখেছি। কিন্তু কিছু কিছু দোকানে দেখলাম না। দোকানে দামের তালিকা যদি না থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ কোনো অবস্থার সৃষ্টি না হলে আমরা বাজারে হস্তক্ষেপ করতে চাই না। প্রতিদিনের বাজার নিয়ন্ত্রণ আমাদের কাজ নয়।’

পাইকারি বাজারের অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তবে খুচরা বাজারে দাম কিছুটা বেড়ে যায় বলে তিনি জানান। তাঁর মতে, দেশে লাখ লাখ খুচরা বিক্রেতা হওয়ায় কিছু পার্থক্য থাকতে পারে।