পরিবহন খাতসহ বিভিন্ন পর্যায়ের চাঁদাবাজির সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। তাঁর মতে, রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজিকে নিরুত্সাহী না করে বরং উত্সাহ দিচ্ছে।বাণিজ্যমন্ত্রীর ভাষায়, ‘জায়গায় জায়গায় বিভিন্ন নামে চাঁদাবাজি হচ্ছে। তারা (চাঁদাবাজ) এটাকে বৈধ ব্যবসা হিসেবে ধরে নিয়েছে। তারা মনে করছে, এটা তাদের দাবি। ভোটের জন্য পলিটিক্যাল পার্টিগুলোর (রাজনৈতিক দল) লাঠিয়াল বাহিনী প্রয়োজন। এ জন্য পলিটিক্যাল পার্টিগুলো চাঁদাবাজিকে এনকারেজ (উত্সাহিত) করছে, ডিসকারেজ (নিরুত্সাহিত) করছে কম।’রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ভবন মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।‘কৃষি ও কৃষি খাতের আধুনিকায়ন, অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ’বিষয়ক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষিভিত্তিক পণ্য উত্পাদক ও ব্যবসায়ী সমিতি।প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির বৈঠকের ১৭টি সুপারিশের একটি হচ্ছে এক জেলার একাধিক স্থানে চাঁদা আদায় করা যাবে না। এক জেলায় একাধিক সংগঠন থাকলে সংশ্লিষ্ট সংগঠনগুলো আলোচনা করে একটি স্থান নির্ধারণ করবে।বাণিজ্যমন্ত্রী বলেন, দলীয়করণ হচ্ছে ব্যক্তি স্বার্থ হাসিলের একটি পথ। গণতান্ত্রিক ব্যবস্থায় দলীয়করণ কোনো সুস্থ পন্থা নয়। তিনি বলেন, ‘আমরা অনেক সময় বক্তৃতায় বলি দেশ বড়, তারপর দল বড়, তারপর ব্যক্তি। কিন্তু বাস্তবে ব্যক্তিই সবচেয়ে বড় হয়ে গেছে। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দল লাগে, তাই দল বড়। তারপর দেশ।’সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধের পরিপ্রেক্ষিতে জিএম কাদের বলেন, মধ্যস্বত্বভোগীরা খুবই শক্তিশালী। এ সময় হাসতে হাসতে তিনি বলেন, ‘তারাই তো আমাদের মন্ত্রী বানান!’গণতন্ত্রের স্বার্থে অনেক কিছুই সরকারের পক্ষে করা সম্ভব হয় না বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। একে তিনি ‘গণতন্ত্রের স্বার্থে মূল্য দেওয়া’ বলে মন্তব্য করেন।