চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লা স্থলবন্দরে কার্যক্রম বন্ধ
পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য রপ্তানি ও আমদানি কার্যক্রম এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন গতকাল বুধবার সকাল থেকে স্থলবন্দরে তাদের সব কার্যক্রম বন্ধ রেখেছে।
সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার স্থলবন্দরে পণ্যবাহী পরিবহন ঢুকতে গেলেই বিভিন্ন ট্রাক মালিক-শ্রমিক ও শ্রমিক সংগঠনের নামে ও বেনামে প্রতিনিয়ত চাঁদা আদায় করা হয়। এর মধ্যে কোনো কোনো সংগঠন চাঁদা নিয়ে রসিদ দেয়, কোনোটি আবার দেয় না। সে জন্য চাঁদাবাজি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পণ্য রপ্তানি ও আমদানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছি।’
সংগঠনটির সভাপতি জামাল হোসেন জানান, তাঁদের সমিতি ও বিবিরবাজার স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির এক যৌথ সভায় গত রোববার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন ট্রাকচালক বলেন, এখানে তিনটি সংগঠনের নামে চাঁদা আদায় করা হয়। এর মধ্যে দুটি সংগঠন ৫০ টাকা করে এবং অন্যটি ৭০ টাকা চাঁদা নেয়। এতে প্রতি গাড়িতে ১৭০ টাকা করে দিতে হয়। চাঁদা না দিলে চালকদের মারধর করে গাড়ির কাচ ভেঙে ফেলা হয়।
স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা তপন কুমার আচার্য্য প্রথম আলোকে বলেন, কার্যক্রম বন্ধ থাকায় সরকারের প্রতিদিন কিছু রাজস্ব ক্ষতি হচ্ছে।