চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতে ঈদের ব্যবসা জমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে ফুটপাতের ঈদের বাজার এবার মোটেও জমেনি। দোকানদারেরা এখন চাঁদরাতের অপেক্ষায় আছেন বলে জানান।

স্থানীয় নিউমার্কেট এলাকায় গড়ে ওঠা ফুটপাতের দোকানদারেরা জানান, তাঁরা প্রায় সবাই বিভিন্ন বেসরকারি সংস্থা বা এনজিও থেকে ঋণ নিয়ে ঈদের আগে ব্যবসা করেন। কিন্তু ব্যবসার যে হাল তাতে ঋণের টাকা শোধ হবে না। যে কারণে তাঁরা ভীষণ হতাশ।

এখানকার দোকানদার তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম প্রমুখ জানান, তাঁদের ক্রেতারা মূলত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক, দিনমজুর, দরিদ্র কৃষক ও নিম্ন বেতনের সরকারি-বেসরকারি কর্মচারী। এ ছাড়া গৃহকর্মীদের পোশাক-আশাক কিনতে কিছু মধ্যবিত্ত এবং বিত্তবানেরাও আসেন।

বিক্রেতাদের ধারণা, খেটে খাওয়া গরিব মানুষ ও কৃষকের হাতে তেমন টাকাপয়সা নেই বলেই তাঁরা হয়তো আসছেন না। এসব লোকজন ছেলেমেয়েদের আবদার মেটাতে ধারদেনা করে হলেও চাঁদরাতের ফুটপাতের বাজারে আসতে পারেন।