চাঁপাইর রপ্তানিযোগ্য পণ্যের সম্ভাবনা কাজে লাগছে না
চাঁপাইনবাবগঞ্জে অনেক দিন ধরেই কয়েকটি রপ্তানিযোগ্য পণ্য উৎপন্ন হয়। কিন্তু পদ্ধতিগত জটিলতা ও সুযোগের অভাবে ওই সব পণ্যের রপ্তানি সম্ভাবনা এখনো কাজে লাগানো যায়নি। সে জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ (ইপিবি) সংশ্লিষ্ট সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।‘বিপণনের সূচনা’ শীর্ষক এক সেমিনারে গত বৃহস্পতিবার বক্তারা এসব কথা বলেন। ইপিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে ব্যবসায়ীরা বলেন, চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম, সুগন্ধী চাল, রেশম কাপড়, নকশিকাঁথা, লক্ষা ও পাটজাত পণ্য উৎপন্ন হয়। এই জেলায় সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুরে রেলওয়ে এলসি স্টেশন থাকায় উল্লিখিত পণ্যগুলো বিদেশে রপ্তানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু নানা জটিলতার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।ইপিবির উপপরিচালক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ড. শাহ আলম। এতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম, চাল ব্যবসায়ী মোজাম্মেল হক, বাবুল হাসনাত, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, ইপিবির সহকারী পরিচালক বক্তিয়ার জালাল প্রমুখ বক্তব্য দেন।আবদুল ওয়াহেদ বলেন, সোনামসজিদ স্থলবন্দরে বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দরে গুদাম না থাকায় এবং সেখানকার কাস্টমস কর্তৃপক্ষ ছাড় দিতে ৮-১০ দিন দেরি করায় স্থানীয় ব্যবসায়ীরা ভোমরা, বুড়িমারী ও বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি করেন। এ ছাড়া ভারতে তাঁতের শাড়ি ও লুঙ্গি রপ্তানির ক্ষেত্রেও পদ্ধতিগত জটিলতায় এক থেকে দেড় মাস সময় লাগে।