চাই স্বল্প সুদের তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সস্তায় মধ্যবিত্তের একটা আবাসনের স্বপ্নপূরণে এ খাতের সবার দাবি আবারও চালু করা হোক স্বল্প সুদের বিশেষ ঋণ তহবিল। আবাসন ব্যবসায়ীদের দাবি, ২০১০ সালে বন্ধ করে দেওয়া তহবিলটি স্থায়ীভাবে আবারও চালু করা হোক। যে তহবিল থেকে স্বল্প সুদে মিলবে গৃহঋণ।

বর্তমানে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ঋণের সুদহার আগের চেয়ে অনেক কমেছে। তা সত্ত্বেও আবাসন খাতে ১০ থেকে ১২ শতাংশের কম সুদে ঋণ মিলছে না। ঋণদাতা প্রতিষ্ঠান ও ঋণগ্রহীতা উভয়েরই অভিমত, এ সুদহারও মধ্যবিত্তের জন্য সহায়ক নয়।

গৃহঋণ বিতরণকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি যে গৃহঋণ প্রদান করে তার সুদহার ১০ থেকে ১২ শতাংশ। ফলে এ দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের নিজের একটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্নটি তাই বেশির ভাগ ক্ষেত্রেই অধরা থেকে যাচ্ছে।

সাধারণ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের আর্থিক সামর্থ্যের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক এ খাতে স্বল্প সুদে ঋণসহায়তা দিতে ‘বিশেষ একটি ঘূর্ণায়মান তহবিল’ গঠন করেছিল। তবে ২০১০ সালের পর সেই তহবিলটি বন্ধ করে দেওয়া হয়। আর ২০১১ সাল থেকে আবাসন খাতে মন্দা দেখা দেয়। আর তাই এ খাতের ব্যবসায়ীরা তখন থেকেই তহবিলটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছেন। প্রায় পাঁচ বছর অতিবাহিত হলেও এখনো তহবিলটি পুনরায় চালুর বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি।

জানতে চাইলে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, দীর্ঘদিন ধরে এ খাতের জন্য বিশেষ একটি তহবিল গঠনের দাবি জানানো হচ্ছে। কিন্তু একটি প্রভাবশালী মহলের বিরোধিতার কারণে মন্ত্রীর আশ্বাসের পরও সেটি হচ্ছে না।

রিহ্যাব সভাপতির মতে, ঢাকা শহরের ফ্ল্যাটের বড় অংশের মালিকানা একটি প্রভাবশালী মহলের হাতে। তাঁরাই ফ্ল্যাট ভাড়া থেকে মাসে মাসে মোটা টাকা পকেটে ভরেন। তাই তাঁরা চান না সরকারের তরফ থেকে গৃহঋণের জন্য একটি বিশেষ তহবিল হোক। কারণ তহবিল হলে লোকজন ফ্ল্যাটের মালিক হবেন। আর তেমনটি হলে তাঁরা নিজেদের ফ্ল্যাট কীভাবে ভাড়া দেবেন?

আবাসন খাতে ঋণ বিতরণকারী বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমানও এ খাতের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ একটি তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথা জানান। তিনি বলেন, এ ধরনের তহবিল গঠন করা হলে তাতে স্বল্প সুদে ঋণসুবিধা মিলত। তখন সাধারণের নিজের একটি আবাসন শুধু স্বপ্ন নয়, বাস্তব হয়ে ধরা দিত।