চাইলেই কেউ বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না: বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ চাইলেই পুঁজিবাজারকে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারবে না। চাইলেই কেউ বাজার ওঠাতে-নামাতে পারবে না। কেননা বাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশন প্রয়োজনীয় অনেক পদক্ষেপ নিয়েছে।

বাজার পর্যবেক্ষণে শক্তিশালী সার্ভিল্যান্স ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কেউ অনিয়ম করতে চাইলে তা সঙ্গে সঙ্গে সার্ভিল্যান্স ব্যবস্থায় ধরা পড়বে। আজ সোমবার দুপুরে বিএসইসির সভাকক্ষে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সঙ্গে মতবিনিময়কালে কমিশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, গত দুই বছরে কমিশন অনেক প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামোতে সংস্কার এনেছে। বিএসইসি ইতিমধ্যে নিজস্ব সার্ভিল্যান্স সফটওয়্যার সংযোজন করেছে। এর মাধ্যমে শেয়ারবাজারের অস্বাভাবিক লেনদেন তাত্ক্ষণিকভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে। এসব পদক্ষেপ বাজারে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

সভায় বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় বাজারে প্রধান সমস্যা ছিল আস্থার সংকট। সে সংকটের অন্যতম দুটি কারণ দুটি হলো—প্রয়োজনীয় আইনের অভাব এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না হওয়া। ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় বেশ কিছু আইন প্রণয়ন করেছি। পাশাপাশি বিদ্যমান আইনের সংস্কার ও প্রয়োগ নিশ্চিত করেছি। এর মাধ্যমে বাজারে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে বলে আমি মনে করি।’

এ সময় বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘কেউ চাইলেই পুঁজিবাজারকে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করত পারবে না। চাইলেই কেউ বাজার ওঠাতে-নামাতে পারবে না। কেননা বাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশন প্রয়োজনীয় অনেক পদক্ষেপ নিয়েছে। আর বাজার এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে যে ইচ্ছা করলেই এটা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘বিএসইসির লোকবলের সংকট দূর করতে অর্গানোগ্রাম পুনর্গঠন করা হয়েছে। এটা কমিশনের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। কমিশনে তথ্যপ্রবাহ নিশ্চিত করতে একটি জনসংযোগ বিভাগ ও একটি আলাদা কমিশন সচিবালয় গঠন করার চিন্তাও রয়েছে কমিশনের।’

কমিশনার আরিফ খান বলেন, ‘তথ্য বিভ্রান্তি দূর করতে এবং কমিশনের সার্বিক কার্যক্রম মিডিয়াকে অবহিত করতে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের আশ্বাস দেন তিনি।

সভায় সিএমজেএফের পক্ষ থেকে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা, কমিশনের সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখা প্রদান, সময়মতো মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রকাশের ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমের কর্মীদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজনে কমিশনের সহযোগিতা চাওয়া হয়।

সভায় বিএসইসির কমিশনার আমজাদ হোসেন, নির্বাহী পরিচালক সাইফুর রহমান, সিএমজেএফের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক সারওয়ার এ চৌধুরীসহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।