চাইলেই ব্যাংকের প্রধান নির্বাহীকে অপসারণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষায়িত ব্যাংক ছাড়া বাংলাদেশে কার্যক্রম চালানো কোনো ব্যাংকের প্রধান নির্বাহীকে চাইলেই বরখাস্ত, অব্যাহতি দেওয়া বা অপসারণ করা যাবে না। এ ক্ষেত্রে আগেই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। 

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান নির্বাহী নিযুক্তি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। একইভাবে নিযুক্ত প্রধান নির্বাহীকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া তাঁর পদ থেকে বরখাস্ত, অব্যাহতি প্রদান বা অপসারণ করা যাবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগচুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই প্রধান নির্বাহী চুক্তি বাতিল করতে চাইলে বা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে পদত্যাগের প্রকৃত কারণ উল্লেখ করে কমপক্ষে এক মাস আগে এ–সংক্রান্ত নোটিশ ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যানের কাছে জমা দেবেন। একই সময়ে নোটিশের অনুলিপি বাংলাদেশ ব্যাংকে পাঠাবেন।
এতে বলা হয়, নিয়োগচুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগে ব্যাংকের পরিচালনা পর্ষদ চুক্তি বাতিল করতে চাইলে বা প্রধান নির্বাহীকে পদত্যাগের নির্দেশ দিলে তার প্রকৃত কারণ উল্লেখ করে প্রধান নির্বাহীকে কমপক্ষে এক মাসের নোটিশ দিতে হবে। একই সময়ে নোটিশের অনুলিপি বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে তাঁকে অপসারণের অনুমোদন নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া নিয়োগচুক্তি বাতিল কিংবা প্রধান নির্বাহীকে পদত্যাগে বাধ্য করা যাবে না।
প্রধান নির্বাহীর স্বেচ্ছায় পদত্যাগ বা মেয়াদ শেষে অথবা অন্য কোনো কারণে উক্ত পদ শূন্য হলে ব্যাংক তাৎক্ষণিকভাবে শূন্য পদের নিচের পদ থেকে কোনো যোগ্য কর্মকর্তাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে নিয়োজিত করে (সর্বোচ্চ তিন মাস) বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে।