চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে বিটিসিএলের নিম্নস্তরের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রায় তিন হাজার কর্মী। আন্দোলনের অংশ হিসেবে এসব কর্মী গতকাল বুধবার তৃতীয় দিনের মতো রাজধানীর ইস্কাটন গার্ডেনে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্ক চার্জড শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারী ও বিটিসিএলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনকারীদের সিংহভাগই সংস্থাটির লাইনম্যান, গাড়িচালক, কম্পিউটার অপারেটরসহ মূলত নিম্নস্তরের বিভিন্ন পদে কর্মরত। এসব কর্মী আন্দোলন শুরু করায় সেবাদাতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির দাপ্তরিক ও গ্রাহকসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে ওয়ার্ক চার্জড শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হু্মায়ূন কবির বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা নিয়মতান্ত্রিক আন্দোলন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
আন্দোলনরত কর্মীদের অভিযোগ, গত বছরের জুনে নতুন গঠিত টেলিযোগাযোগ অধিদপ্তরের (ডিওটি) অধীনে বিটিসিএলের বিভিন্ন পর্যায়ের ৭ হাজার ৫১৯ জনের চাকরি স্থায়ী করা হয়। একই সময়ে নিম্নস্তরের কর্মীদের চাকরিও স্থায়ী করার কথা ছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনীহায় তা হয়নি। এ নিয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করা হলে বারবার চাকরি স্থায়ী করার আশ্বাস দেওয়া হয়। দীর্ঘ কয়েক মাসেও সেই আশ্বাস পূরণ না হওয়ায় তাঁরা আন্দোলনে নেমেছেন।
বিটিসিএলের লাইনম্যান হিসেবে কর্মরত ও আন্দোলনে অংশ নেওয়া কর্মী কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘২৫ বছর ধরে বিটিসিএলে কাজ করছি। তারপরও এখনো ওয়ার্ক চার্জড বা অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করতে হচ্ছে। সরকার বিটিসিএলের স্থায়ী কর্মীদের ডিওটিতে নিয়োগ দিলেও আমাদের দেয়নি। সরকারি স্কেলে বেতন পেলেও বিটিসিএল আমাদের নিজেদের কর্মী হিসেবে গণ্য করে না।’
বিটিসিএলে অস্থায়ীভাবে কর্মরত কর্মীদের ওয়ার্ক চার্জড কর্মী বলা হয়। এঁরা মূলত দৈনিক কাজের ভিত্তিতে বেতন পেয়ে থাকেন। ২০০৮ সালে সংস্থাটি ‘লিমিটেড কোম্পানি’ হিসেবে যাত্রা শুরুর সময় এসব কর্মীকে স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।
জানতে চাইলে বিটিসিএলের জনসংযোগ বিভাগের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।’