চাকরি স্থায়ী করাসহ ১১ দফা দাবিতে রাস্তায় শেভরন কর্মীরা
চাকরি স্থায়ী করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছেন জ্বালানি খাতের বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনের সিলেট অঞ্চলের তিনটি গ্যাসক্ষেত্রের কর্মীরা। দাবি পূরণ না হলে তাঁরা ওই তিন ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন।
শেভরনের কর্মীরা গতকাল রোববার নগরের লাক্কাতুরা এলাকায় জালালাবাদ গ্যাসক্ষেত্রের সামনে বিমানবন্দর সড়কে দীর্ঘ মানববন্ধন ও সমাবেশ করেন। এতে কোম্পানিটির দুই শতাধিক কর্মী অংশ নেন, যাঁদের বেশির ভাগই নিরাপত্তাকর্মী। কর্মসূচি ছিল শান্তিপূর্ণ।
সড়কের এক পাশে অবস্থান নিয়ে শেভরন কর্মীরা এ কর্মসূচি পালন করেন, ফলে সাধারণের চলাচলেও কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। এর আগে তাঁরা বেলা ১১টার দিকে শেভরনের সিলেটের প্রধান কার্যালয়, লাক্কাতুরা কার্যালয় ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে তাঁদের দাবিদাওয়া সম্পর্কে জানা গেছে। তবে আন্দোলনকারীদের কেউ কেউ সংবাদমাধ্যমে তাঁদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন। শেভরনের সিলেট অঞ্চলের কর্মীদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে— চাকরি স্থায়ী করা, মুনাফার ভাগের বকেয়া পরিশোধ, বেতন বৃদ্ধি, শ্রমিককল্যাণ তহবিল চালু করা, শ্রমিক-কর্মচারীদের ঝুঁকি ভাতা দেওয়া, শ্রমিক-কর্মচারীদের বাসস্থান ও যোগাযোগ ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বৈষম্যমূলক নীতি দূর করা, সাপ্তাহিক ছুটি দুদিন করা, শ্রমিক-কর্মচারীর বিমা সুবিধা চালু ও বেতন-বৈষম্য দূর করা।
মানববন্ধন কর্মসূচির সমন্বয়কারীরা জানান, শেভরনে প্রায় ৮০০ অস্থায়ী কর্মী রয়েছেন, যাঁদের বেশির ভাগ নিরাপত্তা শাখায় কর্মরত। তাঁদের মধ্যে জালালাবাদ গ্যাসক্ষেত্রে অস্থায়ী কর্মী আছেন ২৩২ জন। সম্প্রতি গণমাধ্যম সূত্রে তাঁরা জানতে পেরেছেন, শেভরন বাংলাদেশের ব্যবসা বিক্রি করে দিচ্ছে। এই অবস্থায় চাকরি হারানোর শঙ্কা থেকে তাঁরা আন্দোলনে নেমেছেন।
সমাবেশে বক্তারা বলেন, কর্মীদের অনেকে ১৯৯৪ সাল থেকে অক্সিডেন্টাল থেকে ইউনিকল ও শেভরনের প্রথম পর্যায় থেকে চাকরি করছেন। তাঁদের মধ্যে কিছু কর্মীর চাকরি স্থায়ী হয়েছে। বাকিরা এখনো অস্থায়ী।
উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) আওতায় শেভরন হবিগঞ্জের বিবিয়ানা, সিলেটের জালালাবাদ ও মৌলভীবাজারের মৌলভীবাজার গ্যাসক্ষেত্র পরিচালনা করছে। সম্প্রতি কোম্পানিটি জানায়, তারা বাংলাদেশে তাদের কার্যক্রম বিক্রি করতে চাইছে।