চাকরিজীবীদের বেশি কর দিতে হবে এবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৬-১৭ অর্থবছরে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় চাকরিজীবী করদাতাদের বেশি কর দিতে হবে। কারণ, বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে এসব করদাতার আয় বেশি হয়েছে।
বিদায়ী অর্থবছরে (২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন) চাকরিজীবীরা তিনটি ঈদের (দুটি ঈদুল ফিতর ও একটি ঈদুল আজহা) বোনাস পেয়েছেন। তার ওপর সরকারি কর্মকর্তা সবাই পেয়েছেন বৈশাখী বোনাস (মূল বেতনের ২০%)। অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরেদেরও এ বোনাস মিলেছে। এ ছাড়া নতুন বেতনকাঠামো বাস্তবায়নের কারণে সরকারি কর্মকর্তাদের এমনিতেই বাড়তি কর দিতে হবে। তাই সব মিলিয়ে চাকরিজীবী করদাতাদের এবার করযোগ্য আয় বেশি হবে।
সাধারণত ১২টি মাসিক মূল বেতনের সঙ্গে দুটি উৎসব বোনাস নিয়ে মোট ১৪টি বেসিক বা মূল বেতনের সমপরিমাণ অর্থই করযোগ্য আয় হিসেবে ধরা হয়। কিন্তু এবার যেহেতু তিনটি ঈদ বোনাসের পাশাপাশি বৈশাখী বোনাসও পেয়েছেন চাকরিজীবীরা, তাই আয়কর বিবরণী তৈরির সময় তাঁদের ১২টি মূল বেতনের সঙ্গে তিনটি উৎসব বোনাস ও একটি বৈশাখী বোনাস যোগ করতে হবে। অর্থাৎ, তাঁদের করযোগ্য আয়ের হিসাব হবে ১৬টি মূল বেতনে।
তবে কোনো প্রতিষ্ঠান যদি বেতন ও ঈদুল ফিতরের বোনাস গত ৩০ জুনের মধ্যে না দিয়ে থাকে, তাহলে তাদের কর্মীদের করের পরিমাণ কিছুটা কম হবে।
যেসব প্রতিষ্ঠান মূল বেতনের দ্বিগুণ কিংবা এর বেশি উৎসব বোনাস দেয়, সে অনুযায়ী তাদের কর্মীদের ক্ষেত্রে করের পরিমাণ বাড়বে। এ ছাড়া একটি নির্দিষ্ট সীমার পর বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্য আয়ের ওপর কর তো রয়েছেই।