চাকা, বিমান, আবাসন, ওষুধ ও দুগ্ধ খাতে নজর দিয়েছে সিসিআই
সিমেন্ট খাতে জোটবদ্ধ হয়ে সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর ভারতের প্রতিযোগিতা কমিশন (কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া বা সিসিআই) এখন দুগ্ধ খাত ও যানবাহনের চাকার ক্ষেত্রেও একই রকম পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছে।এর পাশাপাশি কমিশন জানিয়েছে, তারা বিমান, আবাসন ও ওষুধ খাতের ওপরও নজর রাখছে।কমিশনের চেয়ারম্যান অশোক চাওলা বলেছেন, ‘আমরা আবাসন, বিমান, ওষুধ ও অন্যান্য খাতের বিভিন্ন ঘটনা খতিয়ে দেখছিল। সিমেন্ট খাতের ঘটনাটি অতি সাম্প্রতিক। আমরা এখন চাকাশিল্প নিয়ে কাজ করছি। এ খাতের ওপর সমীক্ষা প্রায় শেষ। শিগগিরই আমরা কার্যক্রম ঘোষণা করব। তবে এ কাজের প্রক্রিয়াটি অত্যন্ত গতিময়। তাই কখন শুরু আর কখন শেষ হয়, তা বলা মুশকিল।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চাওলা বলেন, তাঁরা দুগ্ধ খাতের ওপরও নজর রাখছেন। তবে কোনো কোনো খাত প্রতিযোগিতা আইন থেকে অব্যাহতি পাওয়ার যে দাবি তুলেছে, সে সম্পর্কে সিসিআই চেয়ারম্যান বলেন, ‘এখন পর্যন্ত আইন খুব পরিষ্কার। সংসদের সিদ্ধান্ত অনুসারে প্রতিটি খাতই কমিশনের নজরদারিতে আসতে পারে। তবে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়ে সরকার ও সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’এর আগে আহমেদাবাদে সরদার প্যাটেল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে (এসপিআইপিএ) নির্ধারিত বক্তৃতায় অশোক চাওলা বলেন, বিদেশে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হয়েছে, এমন কোম্পানির বিষয়েও সিসিআই পদক্ষেপ নিতে পারে, যদি দেখা যায় যে, ওই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ভারতের প্রতিযোগিতার ওপর প্রভাব ফেলছে।রাষ্ট্রীয় জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো জোটবদ্ধ হয়ে জ্বালানি তেলের দর নির্ধারণ করছে এবং আন্তর্জাতিক বাজারের দরপতনের সঙ্গে মিল রেখে দাম কমাচ্ছে না—এ অভিযোগের পরিপ্রেক্ষিতে চাওলা বলেন, সে বিষয়টি তাঁদের বিবেচনায় আছে। সূত্র: বিজনেস লাইন।