চাকা না বাড়িয়ে প্রাইম মুভারে ভারী কনটেইনার পরিবহন চলছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবোঝাই প্রাইম মুভার (লম্বা দৈর্ঘ্যের গাড়ি) চলাচল নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ চাইছে, ভারী পণ্যবাহী প্রাইম মুভারে চাকার (এক্সেল) সংখ্যা বাড়ানো হোক। যাতে সড়কের ওপর চাপ কমে। কিন্তু প্রাইম মুভার পরিবহনমালিকেরা বেশি চাকার গাড়ি ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন না। এ অবস্থায় মহাসড়কে ভারী মুভার চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
কম চাকার মুভারে করে ভারী পণ্য পরিবহনের ফলে চার হাজার কোটি টাকা ব্যয়ে সম্প্রতি নির্মিত ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের কিছু অংশ দেবে গেছে।
সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ১০ ও ১৪ চাকার প্রাইম মুভার দিয়ে পণ্যবাহী কনটেইনার পরিবহন করা হচ্ছে। কিন্তু তার পরিবর্তে ১৮, ২২ বা ২৬ চাকার মুভারে কনটেইনার পরিবহন করলে তাতে মহাসড়কের ওপর চাপ কমবে। সে জন্য প্রাইম মুভারগুলোতে চাকার সংখ্যা বাড়াতে কঠোর অবস্থান নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ জন্য নির্ধারিত ওজনের অতিরিক্ত পণ্য পরিবহনের ক্ষেত্রে জরিমানা আদায়ে গত ১৬ আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয়; যা কার্যকর করতে গিয়েই বিপত্তি দেখা দেয়।
জানতে চাইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, ২০০৪ সাল থেকে পরিবহনমালিকদের এ বিষয়ে সতর্ক করা হচ্ছে। ২০১২ সালে নীতিমালাও করা হয়েছে। কিন্তু পরিবহনমালিকেরা মুভার বা গাড়ির চাকার সংখ্যা বাড়ানোর বিষয়টি আমলে নেননি।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, ভারী যান চলাচলের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন বড় দারোগার হাট এবং মিরসরাইয়ের বিস্তীর্ণ অংশে মহাসড়কের কোথাও ঢিবির মতো উঁচু এবং কোথাও নালার মতো নিচু হয়ে গেছে। চীন থেকে আনা দুটি ‘মিলিং যন্ত্র’ দিয়ে মহাসড়কের উঁচু অংশ কেটে ফেলা হচ্ছে। আর নালার মতো গর্ত ভরাট করতেও এই যন্ত্র ব্যবহার করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সারা দেশে ৬ থেকে ২৬ চাকার গাড়ি দিয়ে পণ্য পরিবহন করতে প্রজ্ঞাপন রয়েছে। তাতে ৬ চাকার গাড়িতে সর্বোচ্চ ১৫ টন, ১০ চাকার গাড়িতে ২৫ টন, ১৪ চাকার গাড়িতে ৩৩ টন, ১৮ চাকার গাড়িতে ৩৮ টন, ২২ চাকার গাড়িতে ৪১ টন এবং ২৬ চাকার গাড়িতে ৪৪ টন পর্যন্ত মালামাল পরিবহনের সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ নির্দেশনা অমান্যকারীদের কাছ থেকে জরিমানা আদায়ের জন্য দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেতু ও মহাসড়কের পাশে পণ্যসহ গাড়ি পরিমাপের জন্য ৮টি এক্সেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হয়েছে। আরও ১০টি স্টেশন স্থাপন প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে কনটেইনার পরিবহনের জন্য বর্তমানে ১০ চাকার প্রায় ৫ হাজার ও ১৪ চাকার প্রায় সাড়ে ৫ হাজার প্রাইম মুভার আছে।
চট্টগ্রাম প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক বলেন, ‘মহাসড়ক দ্রুত নষ্ট হোক, সেটা আমরাও চাই না। কিন্তু গাড়ির এক্সেল বাড়িয়ে কনটেইনার পরিবহন করতে আমাদের সময় দিতে হবে। কারণ, একটি গাড়ির এক্সেল (চাকার সংখ্যা ও যন্ত্রের সক্ষমতা) বাড়াতে কমপক্ষে এক মাস সময় লাগবে।’
এ বিষয়ে আজ ঢাকার একটি হোটেলে আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। এতে পাঁচটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব; চট্টগ্রামের মেয়র এবং এফবিসিসিআই, বিজিএমইএ, প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনসহ কনটেইনার পরিবহন–সংক্রান্ত সংগঠনগুলোর নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।