চাঙা ঢাকার শেয়ারবাজার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেকর্ড দরপতনের একদিন পর আজ সোমবার আবার চাঙাভাব লক্ষ করা গেছে। একই সঙ্গে আর্থিক লেনদেনও বেড়েছে। তবে আজ বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৪৫ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭০ পয়েন্ট নেমে যায়।বেলা সাড়ে ১১টার দিকে বাজার আবার চাঙা হয়ে ওঠে। দিন শেষে সাধারণ সূচক ৩৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৮৩২৯ দশমিক ১১ পয়েন্টে দাঁড়ায়। বিশ্লেষকেরা জানান, বিনিয়োগকারীদের জন্য মার্জিন ঋণের হার বাড়িয়ে আগের ১:১ করার এসইসির সিদ্ধান্তের বিষয়টি প্রচারিত হওয়ার পর বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে। এতে বাজার ঘুরে দাঁড়ায়।আজ ডিএসইতে মোট ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে মোট চারটির।ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৭৪৫ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৩৪ কোটি টাকা বেশি।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো, ইউসিবিএল, শাইনপুকুর সিরামিক, তিতাস গ্যাস, এবি ব্যাংক, আফতাব অটোমোবাইল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, লঙ্কাবাংলা ফিন্যান্স ও সাউথইস্ট ব্যাংক।আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে সাভার রিফ্রেক্টরিজের শেয়ারের। এ ছাড়া মুন্নু স্টাফলার, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্মা এইড, গোল্ডেন সন, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, কেয়া কসমেটিকস, পাইওনিয়ার ইনস্যুরেন্স, বার্জার পেইন্ট ও পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস দাম বৃদ্ধিতে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এ দিকে আজ সর্বাধিক কমেছে ডেল্টা স্পিনার্সের শেয়ারের দাম। এ ছাড়া সোনালি আঁশ, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, চিটাগাং ভেজিটেবল, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রথম মিউচুয়াল ফান্ড, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, ডেল্টা ব্র্যাক হাউজিং প্রথম মিউচুয়াল ফান্ড, স্টাইল ক্র্যাফট ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১ দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজারমূলধন তিন লাখ ৪৯ হাজার ২৩৮ কোটি টাকা।