চাঙা শেয়ারবাজারে বাড়ছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ন্ত্রক সংস্থার নানা বিধিনিষেধের ধাক্কা সামলে দেশের শেয়ারবাজারের মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ আবার বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৪৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে। স্টক এক্সচেঞ্জটির ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ লেনদেন। এর আগে ১৪ জুন দুই হাজার ৪৪০ কোটি এবং ১৬ জুন দুই হাজার ৪৮৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছুঁতে না পারলেও গতকাল ডিএসইতে পাঁচটি ক্ষেত্রে রেকর্ড হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের সংখ্যা, হাওলা, সাধারণ ও সার্বিক মূল্যসূচক, বাজার মূলধন—এ পাঁচটি ক্ষেত্রে ডিএসইর আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বাজারের এ পরিস্থিতিতে কিছুটা অস্বস্তিতে রয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বাজার নিয়ন্ত্রণে ঘন ঘন নীতি পরিবর্তনের পরও তেমন কাজ না হওয়ায় এখন দুই স্টক এক্সচেঞ্জের নজরদারি আরও শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে সংস্থাটি। এর অংশ হিসেবে এসইসি আজকের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জের কাছ থেকে বাজার পর্যবেক্ষণ প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জ দুটির প্রধান নির্বাহীকে চিঠি দিয়ে এ প্রতিবেদন দিতে বলা হয়। এ ব্যাপারে এসইসির সার্ভিল্যান্স বিভাগের প্রধান ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতেই স্টক এক্সচেঞ্জের পর্যবেক্ষণ চাওয়া হয়েছে। এর মাধ্যমে লেনদেনে কোনো অনিয়ম হচ্ছে কি না, বর্তমান পরিস্থিতিতে বাজারে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, মূলত এসব বিষয় জানতে চায় এসইসি।’ বাজার পরিস্থিতি: গতকাল সকাল থেকেই দুই স্টক এক্সচেঞ্জে বাড়তে থাকে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। সে সঙ্গে বাড়তে থাকে সূচকও। কিন্তু চার ঘণ্টার লেনদেনের শেষ ঘণ্টায় গিয়ে বাজারে উল্টোচিত্র দেখা যায়। কমতে থাকে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ২৫৪ কোম্পানির মধ্যে ১৩১টিরই দাম কমেছে। বেড়েছে ১১৫টির ও অপরিবর্তিত ছিল আটটি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১০৩টির। বেড়েছে ৯০টির ও অপরিবর্তিত ছিল পাঁচটি কোম্পানির। দিন শেষে বেশির ভাগ কোম্পানির দরপতনের কারণ হিসেবে বাজারে ছড়িয়ে পড়া নানা গুজবকেই দায়ী করেছেন বিশ্লেষকেরা। গতকাল দুপুর ছিল এসইসির বাজার পর্যালোচনা কমিটির বৈঠক। মূলত এ বৈঠককে কেন্দ্র করে বাজারে ছড়িয়ে পড়ে নেটিং বন্ধ, ঋণের ক্ষেত্রে শেয়ারের মূল্য আয়ের অনুপাত কমিয়ে দেওয়ার মতো নানা গুজব। ডিএসইতে লেনদেন হওয়া আর্থিক খাতের ২১টির মধ্যে ১১টির, ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে ২৪টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩২টিরই দাম কমেছে। প্রধান এ তিন খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও গতকাল দাম বাড়ার দিক থেকে শক্তিশালী অবস্থানে ছিল জ্বালানি ও বিদ্যুৎ, খাদ্য ও ওষুধ খাতের কোম্পানিগুলো।