চাঙা হয়ে উঠছে শেয়ারবাজার
দেশের শেয়ারবাজার ক্রমেই চাঙা হয়ে উঠছে। গতকাল বুধবার দুই বাজারেই মূল্যসূচক ও লেনদেন আরেক দফা বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রায় ৯০০ কোটি টাকার লেনদেন হয়েছে। বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনও।
দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকের উল্লম্ফন লক্ষ করা গেছে।
ডিএসইর ডিএসইএক্স সূচক দিনের লেনদেন শেষে ১ দশমিক ৩৩ শতাংশ বা ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৩৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে গতকাল ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৫টিরই দাম বেড়েছে, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ঢাকার বাজারে গতকাল ৮৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০১ কোটি টাকা বেশি। মঙ্গলবার এই বাজারে ৭৮৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। ডিএসইর গতকালের লেনদেন প্রায় চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৭ জুলাই ডিএসইতে ৯৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেনে বাড়তি প্রবণতা লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৭২ পয়েন্টে।
সিএসইতে গতকাল ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৬৫টিরই দাম বেড়েছে, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
চট্টগ্রামের বাজারে গতকাল মোট ৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। মঙ্গলবার এই বাজারে ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন। এর ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া ইউসিবিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, বেক্সিমকো, গোল্ডেনসন প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।