চাঙা হয়ে উঠছে অফশোর ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঋণ বিতরণে অফশোর ব্যাংকিংয়ের দিকেই ঝুঁকছে ব্যাংকগুলো। কম সুদ হওয়ায় গ্রাহকেরাও এ ঋণে আকৃষ্ট হচ্ছেন। ব্যাংকগুলো অফশোর ব্যাংকিং ইউনিট খুলে, আবার কোনো ব্যাংক পৃথক শাখার মাধ্যমে এ ঋণ দিচ্ছে। এ ধরনের ঋণ বিতরণে নীতিমালা ও তদারকি না থাকায় ব্যাংকগুলোর আগ্রহও বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত মার্চ শেষে অফশোর ব্যাংকিংয়ের আওতায় বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩১১ কোটি টাকা। যার বড় অংশই বিতরণ করেছে বিদেশি মালিকানাধীন হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (স্ট্যানচার্ট)।
অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের অভ্যন্তরে পৃথক এক ব্যাংকিং ব্যবস্থা। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান এবং বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। এতে স্থানীয় মুদ্রার পরিবর্তে বৈদেশিক মুদ্রায় হিসাব হয়। ব্যাংকের কোনো নিয়ম-নীতিমালা অফশোর ব্যাংকিংয়ে প্রয়োগ হয় না। কেবল মুনাফা ও লোকসানের হিসাব যোগ হয় ব্যাংকের মূল হিসাবে। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাচারের বিষয়টি এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বাংলাদেশেও অফশোর ইউনিটের মাধ্যমে অর্থ পাচারের একাধিক ঘটনা উদ্ঘাটন করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে দেশি-বিদেশি ৩৫টি ব্যাংক অফশোর ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘প্রচলিত আইনের বাইরে ব্যাংকিংয়ের সুযোগ থাকায় সবাই এখন সেদিকে ঝুঁকছে। তবে এ সুবিধা মূলত রপ্তানিকারকদের জন্য। কম সুদ হওয়ায় ব্যবসায়ীরাও এ ধরনের ঋণের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। যেহেতু অফশোর ব্যাংকিংয়ের সুনির্দিষ্ট কোনো আইন ও নীতিমালা নেই, তাই ঝুঁকি তৈরি হয়েছে।’
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত মার্চ পর্যন্ত অফশোর ব্যাংকিংয়ের আওতায় ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩১১ কোটি টাকা। এর মধ্যে বিদেশি মালিকানাধীন ব্যাংক এইচএসবিসি গত মার্চ পর্যন্ত ঋণ দিয়েছে ৮ হাজার ৭০১ কোটি টাকা, স্ট্যান্ডার্ড চার্টার্ড দিয়েছে ৪ হাজার ১৮ কোটি টাকা। এ ছাড়া দেশি মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১ হাজার ৪৪৪ কোটি টাকা, দি সিটি ব্যাংক ১ হাজার ১১৬ কোটি টাকা, প্রাইম ব্যাংক ১ হাজার ২৭২ কোটি টাকা, ইসলামী ব্যাংক ২ হাজার ৫২১ কোটি টাকা, ইস্টার্ণ ব্যাংক ২ হাজার ১১৩ কোটি টাকা, ব্র্যাক ব্যাংক ১ হাজার ৯৭২ কোটি টাকা ও এবি ব্যাংক ১ হাজার ৪৪৫ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকও অফশোর ব্যাংকিংয়ের আওতায় ৪৫ কোটি টাকা ঋণ দিয়েছে।
জানতে চাইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘সুদের হার কম হওয়ায় ব্যবসায়ীরা এখন অফশোর ইউনিট থেকেই ঋণ পেতে আগ্রহী। আমরাও ব্যবসায়ীদের সহযোগিতা করতে এ ইউনিট থেকেই ঋণ দিয়ে যাচ্ছি। বাজারে সুদের হার ১০ শতাংশের বেশি হলেও এ ইউনিট থেকে সাড়ে ৫ শতাংশ সুদে ঋণ পাওয়া যাচ্ছে।’
জানা গেছে, প্রাইম ব্যাংকের বিতরণ করা ঋণের মধ্যে ৯৫ কোটি টাকা খেলাপিও হয়ে গেছে। আর বিদেশি মালিকানাধীন উরি ব্যাংক ৫ কোটি টাকার ঋণ খেলাপি দেখাচ্ছে।
এ বিষয়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিদেশি একটি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছিল অফশোর ইউনিট থেকে। অনেক আগেই তারা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। পরে বিশেষ অনুমতি নিয়ে তাদের সম্পদ নিলামে তুলে অর্থ আদায়ের ব্যবস্থা করা হয়। নিলাম থেকে প্রাপ্য অর্থ বর্তমানে ইপিজেডে জমা আছে। সেখান থেকে অর্থ পাওয়া গেলে আমাদের লোকসান পুষিয়ে যাবে।’
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ১৯৮৫ সালে ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং পরিচালনার জন্য শুধু একটি প্রজ্ঞাপন জারি করে। এরপর ৩০ বছর পেরিয়ে গেলেও অফশোর ব্যাংকিংয়ের জন্য হয়নি পূর্ণাঙ্গ কোনো নীতিমালা। ফলে ব্যাংকগুলোর অফশোর ইউনিট অনিয়মে জড়িয়ে পড়ছে। শুরুতে বিদেশি ব্যাংকগুলো এ সেবায় থাকলেও প্রতিনিয়ত নতুন নতুন ব্যাংক যুক্ত হচ্ছে অফশোর ব্যাংকিং সেবায়। গত পাঁচ বছরে এ ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সে কারণে বিদেশি ব্যাংকের পাশাপাশি দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোও আলাদা শাখা বা ইউনিট খুলেছে।
অফশোর ব্যাংকিং করছে যেসব ব্যাংক: বিদেশি মালিকানাধীন এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটিব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলোন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক অফশোর ব্যাংকিং সেবা দিচ্ছে। এ ছাড়া দেশীয় ব্যাংকের মধ্যে বেসরকারি খাতের এবি, আল-আরাফাহ্, ব্যাংক এশিয়া, ব্র্যাক, ঢাকা, ডাচ্-বাংলা, ইস্টার্ণ, এক্সিম, আইএফআইসি, ইসলামী, যমুনা, মার্কেন্টাইল, মধুমতি, মিউচুয়াল ট্রাস্ট, ন্যাশনাল, এনসিসি, ওয়ান, প্রিমিয়ার, প্রাইম, পূবালী, শাহজালাল ইসলামী, সোস্যাল ইসলামী, সাউথইস্ট, স্ট্যান্ডার্ড, দি সিটি, ট্রাস্ট, ইউসিবিএল ও উত্তরা ব্যাংক এ সেবা দিচ্ছে। তা ছাড়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে একমাত্র অগ্রণী ব্যাংক অফশোর ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত।