দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হওয়ায় সূচকেরও পতন হয়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় বাড়ানো হয়। ফলে গতকালই বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে দেখা যায়। গতকাল ডিএসইতে সূচক ৪০ পয়েন্ট বাড়ে। আজ দিনের শুরুতেই এর প্রভাব পড়ে। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় না থাকায় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।এ ব্যাপারে বাজার বিশ্লেষক আখতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় বাড়ানোর সিদ্ধান্তটি আশার সঞ্চার করেছিল। তবে বিনিয়োগকারীদের কাছে যথেষ্ট ফান্ড না থাকায় তাঁরা নতুন করে বড় ধরনের বিনিয়োগে যেতে পারেননি। আবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যথাযথভাবে সক্রিয় না থাকায় শেষ পর্যন্ত দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে লেনদেনও কম হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্য সূচক ৩১.৬৪ পয়েন্ট কমে ৫৮০৯.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেনের শুরু হয়। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সূচক ১০২ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচকের তীর নিম্নমুখী হতে শুরু করে। এমনকি সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।ডিএসইতে আজ ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৬ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, মালেক স্পিনিং, এমআই সিমেন্ট, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, ওয়ান ব্যাংক ও ফু-ওয়াং ফুড।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৪০.৫০ পয়েন্ট কমে ১৬৪৭৩.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা কম।