চাতলাপুর দিয়ে রপ্তানি কমেছে
সিলেটের মৌলভীবাজারের চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর ত্রিপুরায় সিমেন্ট ও চিফ পাথর রপ্তানি কমে গেছে।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, উৎপাদন ও পরিবহন ব্যয় মিলিয়ে সিমেন্ট ও চিফ পাথরের রপ্তানিমূল্য বাড়ার কারণে ত্রিপুরার আমদানিকারকেরা এখন বাংলাদেশ থেকে এসব পণ্য কিনতে আগ্রহী হচ্ছেন না, যে কারণে চাতলাপুর স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানিতে ধস নেমেছে। তাঁরা আরও জানান, আগে পাঁচটি প্রতিষ্ঠান সিমেন্ট রপ্তানি করলেও এখন করছে শুধু সেভেন রিং সিমেন্ট কোম্পানি।তা ছাড়া আগে এই বন্দর দিয়ে প্রতিটি প্রতিষ্ঠান মাসে গড়ে ১০ হাজার বস্তা সিমেন্ট রপ্তানি করত। আর বর্তমানে তা কমে দুই থেকে চার হাজার বস্তায় নেমে এসেছে। সম্প্রতি একদিন চাতলাপুর স্থলবন্দর ঘুরে দেখা যায়, তিনটি সিমেন্টবাহী ট্রাক ত্রিপুরায় রপ্তানির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অথচ কয়েক মাস আগেও এই বন্দরে একসঙ্গে ২৫-৩০টি ট্রাক দেখা যেত।