চাতলাপুর শুল্ক স্টেশনে ১১ দিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত মোট ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
হিন্দু ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা পূজার ছুটিতে থাকবেন বলে শুল্ক স্টেশনটিতে আমদানি-রপ্তানিযোগ্য পণ্যসামগ্রী তদারক করা যাবে না। এ কারণেই দুই দেশের ব্যবসায়ীরা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখছেন বলে জানা গেছে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ী এমরান আহমদ, রিমন আহমদ, বদরুল ইসলাম এবং সিঅ্যান্ডএফ এজেন্ট রমাপদ সেন ও সোহেল আহমদ জানান, ভারতের ত্রিপুরার মনু শুল্ক স্টেশনের কাস্টমস কর্তৃপক্ষের প্রায় সবাই এবার দুর্গাপূজার লম্বা ছুটিতে। এ অবস্থায় ত্রিপুরার কৈলাসহরের আমদানিকারক ও রপ্তানিকারকেরা স্বেচ্ছায় ১১ দিন পণ্যসামগ্রী আমদানি-রপ্তানি থেকে বিরত থাকবেন। ফলে বাংলাদেশি আমদানি-রপ্তানিকারকেরাও ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় রেখে ১১ দিন এই শুল্ক স্টেশন দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি করবেন না।
কৈলাসহরের আমদানি-রপ্তানিকারক আবদুল মোহিত মিটন গতকাল বৃহস্পতিবার চাতলাপুর শুল্ক স্টেশন এলাকায় বলেন, ‘আজ থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে।’
চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিনটেনডেন্ট অভিনাশ চন্দ্র রায় বলেন, অফিশিয়াল কার্যক্রম চলবে। তবে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা একসঙ্গে ছুটি ভোগ করছেন বলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।