চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শমশেরনগরের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আজ শুক্রবার থেকে ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই সোমবার থেকে আবার এখানে ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানিকারক সাইফুর রহমান ও তাসদিক হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে সরকারি ছুটি শুরু হলেও আমদানি-রপ্তানির কাজে সহায়তা করার জন্য শুল্ক স্টেশনে দুজন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করার কথা। কিন্তু দুই দেশের ব্যবসায়ীরা ঈদের ছুটি কাটানোর জন্য পণ্য আমদানি-রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছেন। যে কারণে ২ জুলাই রোববার পর্যন্ত এই স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
এদিকে সরকারি ছুটি শুরু হওয়ার আগের দিন গতকাল বৃহস্পতিবার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ সিমেন্ট পাঠিয়েছে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাসহরে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক আবদুস সালাম বলেন, ‘সরকারি ছুটি চলাকালে দুজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। যদি ব্যবসায়ীরা এ সময়ে পণ্য আমদানি-রপ্তানি করতে চান, তাহলে কর্মকর্তারা সহযোগিতা করবেন। তবে দুই দেশের ব্যবসায়ীরা ঈদের ছুটি উপভোগের সিদ্ধান্ত নেওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে মনে হচ্ছে।’