চাতলাপুর স্থল শুল্কস্টেশন দিয়ে আমদানি-রপ্তানি প্রায় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের চাতলাপুর স্থল শুল্কস্টেশন দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার পথে। দেশটিতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল এবং মার্কিন ডলারের বিনিময় হার কমে যাওয়ার প্রভাবে এমনটি হয়েছে বলে উভয় দেশের ব্যবসায়ীরা জানান।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, দুই সপ্তাহের মধ্যে কেবল গত সোমবার ভারতের ত্রিপুরা রাজ্য থেকে এক ট্রাক কমলা বাংলাদেশে আমদানি হয়েছে। আর গত রোববার বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে দুই ট্রাক সিমেন্ট।

ভারতীয় ব্যবসায়ীরা জানান, রুপি সংকটের কারণে তাঁরা বাংলাদেশি পণ্য আমদানির জন্য ব্যাংকে এলসি বা ঋণপত্র খুলতে পারছেন না। এর ওপর ডলারের বিনিময় হার কমে যাওয়ায় এলসি খুলতে বেশি অর্থ লাগবে—এটি ভেবেও অনেকে এখন বাংলাদেশি পণ্য আমদানি করতে চান না।

সরেজমিনে গতকাল চাতলাপুর স্থল শুল্কস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে আগের মতো পণ্যবাহী পরিবহনের লাইন নেই। শ্রমিকেরা অলস সময় পার করছেন।

এই শুল্কস্টেশন দিয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরার উত্তরাঞ্চলীয় কৈলাসহর এলাকায় মাছ, সিমেন্ট, চুনাপাথর, বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় এবং প্লাস্টিক পণ্য রপ্তানি হয়। অন্যদিকে সেই দেশ থেকে বাংলাদেশে কলা, কমলা ও সাতকড়া আমদানি হয়।

চাতলাপুর স্থল শুল্কস্টেশন ব্যবহারকারী ভারতীয় ব্যবসায়ী আবদুল মুহিত, গৌরা অধিকারী ও ওয়াহিদুজ্জামানের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাঁরা এখন মুদ্রার সংকটের কারণে ব্যাংকে এলসি খুলতে পারছেন না। ব্যাংকের কাছে এক লাখ রুপি চাইলে তারা দিতে চায় মাত্র দুই হাজার রুপি।

এদিকে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ী ইমরান আহমেদ ও সোহেল আহমদ জানান, তাঁরা এখানে এলসি খুললেও ওপারের ব্যাংকগুলো সেখানকার ব্যবসায়ীদের অর্থ দিতে পারছে না। এ জন্য বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি একেবারে তলানিতে নেমে গেছে।

বাংলাদেশের আরেক ব্যবসায়ী সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, আগে এই শুল্কস্টেশন দিয়ে প্রতিদিন ৪ থেকে ৫ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হতো। গত দুই সপ্তাহেও তা হয়নি।

শুল্কস্টেশনটির সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ভারতে রুপির দুটি নোট বাতিলের কারণে আমদানি-রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়েছে।