চাতলাপুর স্থলবন্দরে ছয় মাসে এক কোটি টাকার রাজস্ব আয়
কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর স্থলবন্দরের মাধ্যমে গত জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে এক কোটি টাকার মতো রাজস্ব আয় হয়েছে। দীর্ঘ দেড় বছর থেকে চাতলাপুর স্থলবন্দর ব্যবহার করে ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চল ও আসামের একাংশে বাংলাদেশি সিমেন্ট, চিপ পাথর, ইট, মাছ, পিত্তি উংভার (লাঙ্গল) রপ্তানি এবং ত্রিপুরা থেকে ভাঙা কাচ আমদানি করা হচ্ছে। চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তা এএসআই কবির হাসান লোদী জানান, গত জানুয়ারি থেকে জুন সময়কালে এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয় এক লাখ ৪১ হাজার ২৯৪ মার্কিন ডলার, যা এক কোটি টাকার কাছাকাছি।তবে চাতলাপুর স্থলবন্দর শুল্ক কর্মকর্তা সঞ্জীৎ আচার্য বলেন, ‘আসলে চাতলাপুর স্থলবন্দর নয়। এটি একটি স্থল শুল্ক (এলসি) স্টেশন। তবে এলসি স্টেশন হয়ে যে রাজস্ব আয় করছে তা একটি স্থলবন্দরের আয়ের মতো।’ তিনিও মনে করেন, চাতলাপুর চেকপোস্টসংলগ্ন এলাকায় একটি ড্যাম্পিং স্টেশন স্থাপন করে সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন হলে রাজস্ব আয় দ্বিগুণ হবে।