চাতলাপুর স্থলবন্দরে সাত দিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তে চাতলাপুর স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম এক সপ্তাহ বন্ধ থাকবে।ঠিকাদারেরা যাতে দ্রুত ও নির্বিঘ্নে চাতলাপুর স্থলবন্দরগামী সড়কের সংস্কার ও উন্নয়নকাজ সারতে পারেন, সে জন্য ব্যবসায়ীরা গতকাল শনিবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়ীরা প্রথম আলোকে জানান, চাতলাপুর স্থলবন্দরের রাস্তা ভাঙাচোরা ও সরু হওয়ায় তাঁদের রীতিমতো ঝুঁকিপূর্ণ অবস্থায় পণ্য আনা-নেওয়া করতে হচ্ছিল। বাংলাদেশের মৌলভীবাজার জেলার চাতলাপুর শুল্ক স্থলবন্দরের বিপরীতে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর স্থলবন্দর।এদিকে প্রায় ১৩ কিলোমিটার দূরে শমশেরনগর বাজারে একটি ভাড়া করা দুই কক্ষের ঘরে চাতলাপুর শুল্ক স্থলবন্দরের শুল্ক অফিসের কার্যক্রম পরিচালিত হওয়ার কারণেও প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা।এই বন্দর ব্যবহারকারী খন্দকার এন্টারপ্রাইজের মালিক খন্দকার আতিক সেলিম প্রথম আলোকে জানান, অনেক দুর্ভোগের মধ্যেও তাঁরা ত্রিপুরার সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি করে দেশের রাজস্ব আয় বাড়াচ্ছেন। চাতলাপুর স্থলবন্দরের শমশেরনগরের শুল্ক অফিসের রাজস্ব কর্মকর্তা সঞ্জীৎ কুমার আচার্য প্রথম আলোকে জানান, ২০০৯-১০ অর্থবছরে এই বন্দর দিয়ে ত্রিপুরায় সিমেন্ট, চিপ পাথর, ইট, মাছ ও কলের লাঙল রপ্তানির সুবাদে ৩৬ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।