চাতলাপুর স্থলবন্দরে ১০ মাসে ৩৮ লাখ টাকার রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে গত ১০ মাসে ভারতের উত্তর ত্রিপুরায় ইট ও ইলিশ মাছ রপ্তানির সুবাদে ৩৭ লাখ ৮৮ হাজার টাকার রাজস্ব আয় হয়েছে।তবে এই বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বলেন, অবকাঠামোগত সুবিধা ভালো হলে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমের পাশাপাশি সরকারের রাজস্ব আয় আরও বাড়ত। তাঁদের অভিযোগ, এখানে কোনো অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। সড়কও খুবই সরু, ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ। উপরন্তু এই বন্দরে শুল্ক বিভাগের কোনো কার্যালয় নেই। ১৩ কিলোমিটার দূরবর্তী কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের শুল্ক অফিস থেকে একজন সহকারী রাজস্ব কর্মকর্তা এসে এখানকার রপ্তানিমুখী পণ্যসামগ্রীর তদারকি করে থাকেন। এসব কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। সিঅ্যান্ডএফ এজেন্ট খন্দকার আতিক সেলিম সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে সরু-ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে পণ্য রপ্তানি করছেন।’ সে জন্য তিনি এই বন্দরের সার্বিক অবকাঠামো উন্নয়নের দাবি জানান। শমশেরনগরের শুল্ক অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা সঞ্জীত কুমার আচার্য্যও বলেন, অবকাঠামোগত উন্নয়ন হলে চাতলাপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আরও বাড়বে।