চামড়া কিনতে এবার ৪৮১ কোটি টাকার ব্যাংকঋণ

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া কিনতে ৪৮১ কোটি টাকা ঋণ দেবে বিভিন্ন ব্যাংক। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি বাণিজ্যিক ব্যাংক দিচ্ছে ৪৭২ কোটি টাকা।
রাষ্ট্রীয় ব্যাংকগুলো গত বছর এ খাতে ৩৫৫ কোটি টাকা ঋণ দিয়েছিল। আর সব ব্যাংক মিলে ঋণ দিয়েছিল ৩৬০ কোটি টাকা। গত বছরের মতো এবারও এ খাতে সব চেয়ে বেশি ঋণ দিচ্ছে জনতা ব্যাংক।
এবার রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক তিনটি প্রতিষ্ঠানকে চামড়া কিনতে ৯১ কোটি টাকা ঋণ দেবে। আগের বছর তারা এ খাতে ৬৬ কোটি টাকা ঋণ দিয়েছিল। জনতা ব্যাংক এবার ২২টি প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছে ২৫০ কোটি টাকা। গত বছর দিয়েছিল ১৩৫ কোটি টাকা। অগ্রণী ব্যাংক দিচ্ছে ৭০ কোটি টাকা। গত বছর ব্যাংকটি দিয়েছিল ১০২ কোটি টাকা। আর রূপালী ব্যাংক দিচ্ছে ৬১ কোটি টাকা। গত বছর এই ব্যাংকটি ঋণ দিয়েছিল ৩০ কোটি টাকা।
এর বাইরে বেসরকারি খাতের সিটি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক নয় কোটি টাকার মতো ঋণ দেবে। সব মিলিয়ে এবার চামড়া কেনায় ৪৮১ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদউদ্দিন বাসসকে বলেন, ‘আমরা গত বছরের চেয়ে এবার ঋণের পরিমাণ বাড়িয়েছি। চারটি প্রতিষ্ঠানকে ৬১ কোটি টাকার ঋণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঋণের বড় অংশ ছাড় করা হয়েছে।’
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রদীপ কুমার দত্ত বাসসকে জানান, এবার তারা তিনটি প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান খেলাপি হওয়ায় এবার তাদের ঋণ দেওয়া হচ্ছে না। এক বছরের মেয়াদে চামড়া কিনতে ঋণ দেওয়া হয়ে থাকে বলে তিনি জানান।
চামড়ার বার্ষিক জোগানের অর্ধেকই আসে কোরবানির পশু থেকে। এ সময় চামড়ার সরবরাহ বেশি থাকায় ব্যবসায়ীরা নিজেদের টাকায় এত চামড়া একসঙ্গে কিনতে পারেন না। তাই বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প সময়ের জন্য ঋণ নেন। এ ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলো বেশি ঋণ দেয়। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ এসব ঋণ অনুমোদনের সিদ্ধান্ত নিয়ে থাকে। বর্তমানে চামড়া খাতে খেলাপি ঋণ রয়েছে ৫০০ কোটি টাকার বেশি, যার বেশির ভাগই বিতরণ করা হয়েছিল নব্বই দশকের প্রথমার্ধে। এ কারণে বেসরকারি ব্যাংক চামড়া কেনায় ঋণ দিতে তেমন আগ্রহী নয়।