চামড়া কিনতে ৫৪০ কোটি টাকা ঋণ দেবে চার ব্যাংক
কোরবানির পশুর চামড়া কিনতে রাষ্ট্রমালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক এবার ব্যবসায়ীদের প্রায় ৫৪০ কোটি টাকার ঋণ দিচ্ছে। গত বছর এই ব্যাংকগুলো এই খাতে ঋণ দিয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা।
তবে এসব ব্যাংকের বাইরে রাষ্ট্রীয় মালিকানাধীন কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বেসিক ব্যাংক এবং বেসরকারি ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক এই খাতে শাখা পর্যায় থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে।
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চামড়া খাতে এখন তাদের তিনটি ভালো মানের ঋণগ্রহীতা প্রতিষ্ঠান রয়েছে। এ বছর ব্যাংক এই গ্রাহকদের জন্য নতুনভাবে ৫৮ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ‘একসময় চামড়া খাতে এই ব্যাংকের অনেক ঋণগ্রহীতা ছিল। অর্থ পরিশোধ না করায় এখনো কিছু মামলা চলছে। কিছু গ্রহীতার সুদ মওকুফ করে তাঁদের আর ঋণ দেওয়া হয় না।’
তবে ব্যাংকের এই ৫৮ কোটি টাকার নতুন ঋণ বাদে আরও ৮২ কোটি টাকার বকেয়া ঋণ রয়েছে। সব মিলিয়ে এই খাতে ব্যাংকের ঋণ এবার হবে ১৪০ কোটি টাকা।
জনতা ব্যাংক এবার চামড়া খাতে ২৫০ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। প্রাপ্ত তথ্য অনুসারে গতকাল সোমবার পর্যন্ত ব্যবসায়ীরা ২২২ কোটি টাকার ঋণের আবেদন জমা দিয়েছেন। আগেরবার ব্যাংক এই খাতে ঋণ দিয়েছিল ২০০ কোটি।
জনতা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তারা সেই সব গ্রাহককেই ঋণ বৃদ্ধি করবে, যাঁদের রপ্তানি খাতে আয় ভালো হচ্ছে এবং যাঁরা সরকারনির্ধারিত সময়ের মধ্যে হাজারীবাগ থেকে সাভারে চলে যাওয়ার কার্যক্রম শুরু করেছেন।
অগ্রণী ব্যাংক সূত্র জানায়, গতবার চামড়া ক্রয়ে তারা ঋণ দিয়েছিল ১০০ কোটি টাকা। এবারও দিচ্ছে ১০০ কোটি টাকা।
রূপালী ব্যাংক এবার ৫০ কোটি টাকার চামড়া ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর এই খাতে ব্যাংকটির ঋণ ছিল ৪৫ কোটি টাকা।
রাষ্ট্র খাতের ব্যাংকগুলোতে ইতিমধ্যে কিছু ক্ষেত্রে ঋণ অনুমোদন হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে পরিচালনা পর্ষদে চূড়ান্ত অনুমোদন নিতে হতে পারে বলে জানা গেছে।
ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোর সাধারণ নীতিমালা হচ্ছে, আগের বছর যাঁরা ঋণ নিয়ে ফেরত দিয়েছেন, তাঁদের নতুন ঋণ দেওয়া হবে। এ ক্ষেত্রে নবায়নও ঋণ হিসাবে দেখা হচ্ছে। তবে কোনো খেলাপি প্রতিষ্ঠান যেন ঋণ না পায়, সে বিষয়ে কর্তৃপক্ষ সজাগ রয়েছে বলে ব্যাংকগুলো জানিয়েছে।
পশুর ভালো মানের চামড়ার সিংহভাগ জোগান আসে কোরবানির পশু থেকে। কোরবানি করতে ধর্মপ্রাণ মুসলমানরা বাছাই করা পশু ক্রয় করে থাকেন। ফলে শিল্পের জন্য উন্নত মানের চামড়া কিনতে ব্যবসায়ীরাও এ সময় ব্যতিব্যস্ত থাকেন। ট্যানারিশিল্পে বার্ষিক চামড়ার চাহিদার বড় অংশই সংগ্রহ করা হয় কোরবানি দেওয়া পশু থেকে। এই চামড়া অন্যান্য সময় সংগৃহীত পশুর চামড়া থেকে উন্নত মানের।
বিপুল পরিমাণ চামড়ার সরবরাহ হওয়ায় ব্যবসায়ীরা এ সময় সব চামড়া নিজেদের নগদ অর্থে কিনতে পারেন না। তাই প্রতিবছরই ঈদুল আজহার আগে চামড়া খাতে ঋণ বিতরণের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী-শিল্পপতিরা তৎপর হন। ব্যবসায়ীরা ব্যাংকগুলোতে বিশেষত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে ধরনা দিয়ে থাকেন।
তবে তথ্যমতে, চামড়া খাতে ৪০০ কোটি টাকার মতো খেলাপি ঋণ রয়েছে; যার বেশির ভাগই বিতরণ করা হয়েছিল নব্বইয়ের দশকের প্রথম ভাগে। বর্তমানে এই খাতে ঋণ আদায়ের হার আগের তুলনায় ভালো।
সোনালী ব্যাংক
শুধু তিনটি ভালো গ্রহীতাকে নতুনভাবে ৫৮ কোটি টাকা দেবে। আগের বকেয়া আছে ৮২ কোটি টাকা
জনতা ব্যাংক
যাদের রপ্তানি ভালো ও নির্ধারিত সময়ে সাভারে কারখানা নেবে তাদের ২৫০ কোটি টাকা দেবে
অগ্রণী ব্যাংক
গত বছর বিতরণ করেছিল ১০০ কোটি টাকা। এবারও সমপরিমাণ ঋণ দেবে তারা
রূপালী ব্যাংক
এবার দেবে ৫০ কোটি টাকা। গতবছর এ খাতে ব্যাংকটির ঋণ ছিল ৪৫ কোটি টাকা
চামড়া খাতে ৪০০ কোটি টাকার মতো খেলাপি ঋণ রয়েছে। যার বেশির ভাগই বিতরণ করা হয়েছিল ’৯০ দশকের প্রথম ভাগে। বর্তমানে এ খাতে ঋণ আদায়ের হার আগের তুলনায় ভালো