চামড়া শিল্পনগরের নির্মাণ শেষ হবে ২০১৬ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে নির্মাণাধীন চামড়া শিল্পনগরের কাজ ২০১৬ সালের জুনের মধ্যে শেষ হবে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপিসহ যাবতীয় অবকাঠামো নির্মাণ আগামী ১৮ মাসে শেষ হবে। এই সময়ের মধ্যে ট্যানারিশিল্প স্থানান্তর হবে।

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিল্পসচিব মঈন উদ্দিন আব্দুল্লাহ্, বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
২০০৩ সালের ১৬ আগস্ট ১৭৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ‘চামড়া শিল্পনগর, ঢাকা প্রকল্প’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়। এর কাজ ২০০৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ওই মেয়াদে তা শেষ হয়নি। এর পর থেকেই প্রকল্পটির কাজ চলছে তো চলছেই। সর্বশেষ গত মঙ্গলবার প্রকল্পের দ্বিতীয় সংশোধিত প্রস্তাব একনেকে অনুমোদিত হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় এক হাজার ৭৮ কোটি ৭১ লাখ টাকা। এ থেকে ট্যানারির মালিকদের ক্ষতিপূরণ হিসেবে ২৫০ কোটি টাকা দেওয়া হবে।
চামড়া শিল্পনগরের কাজ শেষ হতে বারবার কেন বিলম্ব হচ্ছে—এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে এ ধরনের বড় কাজের অভিজ্ঞতা না থাকায় প্রকল্পটিতে বেশি সময় ব্যয় হচ্ছে। তা ছাড়া দরপত্র নিয়ে দীর্ঘ আইনি জটিলতার কারণে সিইটিপি নির্মাণের প্রক্রিয়া শুরু করতে বিলম্ব হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন পরিবেশগত প্রতিপালনের (কমপ্লায়েন্স) প্রশ্ন তুলে ২০১৪ সালের পর বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য কেনার বিষয়ে নেতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। দেশের ট্যানারিশিল্পের মালিকদের একাংশও নানা অজুহাতে ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়া বিলম্ব করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে নেতিবাচক প্রতিবেদন পরিবেশন করে চামড়াশিল্পের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জাতীয় স্বার্থে দ্রুত হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো সাভারের পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরে স্থানান্তর হওয়া প্রয়োজন।