চামড়াবিহীন জুতায় সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামড়ার পাশাপাশি কাপড়, সিনথেটিক, প্লাস্টিক ও রাবারের জুতা তৈরি করছেন দেশের উদ্যোক্তারা। চামড়াবিহীন বা নন-লেদারের এসব জুতা রপ্তানি হয়ে এইচঅ্যান্ডএম, প্রাইমার্ক, পুমা, কেরিফোর ও কাপ্পার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর বিক্রয়কেন্দ্রে যাচ্ছে।
উদ্যোক্তারা জানান, দামে কম ও নকশায় আকর্ষণীয় হওয়ার কারণে বিশ্ববাজারে চামড়াবিহীন জুতার চাহিদা দিনে দিনে বাড়ছে। বদৌলতে দেশ থেকে এই পণ্যের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই তাঁরা এই উপখাতের বিপুল সম্ভাবনা দেখছেন।
উদ্যোক্তাদের কথার সত্যতা পরিসংখ্যানেও মিলছে। যেমন, গত ২০১৩-১৪ অর্থবছরে চামড়াবিহীন পাদুকা রপ্তানি করে ১৭ কোটি মার্কিন ডলার আয় হয়েছিল। আর চলতি ২০১৪-১৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি ডলার। এর মধ্যে এখন পর্যন্ত (১১ মাসে) আয় হয়েছে ১৬ কোটি ৮৩ লাখ ডলার। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে ৮ শতাংশ বেশি। এমন তথ্যই দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘বিশ্বের প্রায় ৭৫ শতাংশ মানুষই চামড়াবিহীন জুতা ব্যবহার করে। কারণ, চামড়ার চেয়ে তিন গুণ কম দামে এগুলো পাওয়া যায়। সব মিলিয়ে এ খাতের বড় সম্ভাবনা আছে। তবে উদ্যোক্তারা সেভাবে এগিয়ে না আসায় রপ্তানিতে পিছিয়ে আছি আমরা।’
জানা যায়, বর্তমানে ফরচুন লেদার ক্রাফটস, ম্যাফ সুজ, কর্ণফুলী শু ইন্ডাস্ট্রিসহ কয়েকটি প্রতিষ্ঠান এ ধরনের পাদুকা তৈরি করছে।
ফরচুন লেদার ক্রাফটস জুতায় চামড়ার পরিবর্তে কাপড়, ডেনিম, রাবারসহ বিভিন্ন উপাদান ব্যবহার করছে। প্লাস্টিকের জুতাও তৈরি করে তারা। প্রতিষ্ঠানটি বর্তমানে এইচঅ্যান্ডএম, ডবি, প্রাইমার্ক ও পুমা ব্র্যান্ডের কাছে চাহিদা অনুযায়ী জুতা রপ্তানি করছে। প্রতি মাসে তাদের রপ্তানির পরিমাণ তিন লাখ থেকে সাড়ে তিন লাখ জোড়া চামড়াবিহীন জুতা। ফরচুনের চেয়ারম্যান আবু তাহের বলেন, আগামী বছর এ পণ্যের রপ্তানি ১০০ কোটি টাকায় নিয়ে যাব।
টিকে গ্রুপের প্রতিষ্ঠান ম্যাফ সুজ লিমিটেড সিনথেটিক বা কৃত্রিম চামড়ার কেডস, চপ্পল ও শু তৈরি করে। চট্টগ্রামে ম্যাফ সুজের কারখানায় বর্তমানে প্রতিদিন আট হাজার জোড়া কেডস ও ছয় লাখ জোড়া চপ্পল তৈরি হয়। এখানে কাজ করেন ২ হাজার ৬০০ শ্রমিক। ২ কোটি ২৫ লাখ ডলার বিনিয়োগে চট্টগ্রামের চাঁদগাঁও শিল্প এলাকায় ম্যাফ সুজের কারখানাটি চালু হয় ২০১০ সালে। গত বছর ১৫ লাখ জোড়া জুতা রপ্তানি করে প্রতিষ্ঠানটি, যার আর্থিক মূল্য প্রায় ৮০ কোটি টাকা। চলতি বছর ২৪ লাখ জোড়া জুতা রপ্তানি হবে বলে প্রত্যাশা তাদের। জানালেন ম্যাফ সুজের নির্বাহী পরিচালক মো. জসিম আহমেদ।
ইপিবি সূত্র জানায়, গত অর্থবছরে জুতা রপ্তানিতে আয় ছিল ৪৪ কোটি ৩৫ লাখ ডলার। এর মধ্যে চামড়ার জুতা থেকে ৩০ কোটি ৬২ লাখ ডলার আর চামড়াবিহীন জুতা থেকে ১৩ কোটি ৭৩ লাখ ডলার আসে। অর্থাৎ মোট জুতা রপ্তানির ৩০ শতাংশ চামড়াবিহীন জুতা থেকে এসেছে।
ম্যাফ সুজের নির্বাহী পরিচালক জসিম আহমেদ বলেন, ‘সিনথেটিকের পাদুকা রপ্তানিতে চীন ও ভিয়েতনাম নেতৃত্ব দিচ্ছে। বিশ্ববাজারের প্রায় ৭০ শতাংশই রপ্তানি করে তারা। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে চীনে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এই সুযোগটি আমরা নিতে পারি।’
আবু তাহের বলেন, ‘বিশ্বের বিখ্যাত ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক কেনে। এ জন্য তাদের প্রতিনিধিরা এখানে থাকেন। বিদেশে এসব ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রে জুতার কালেকশনও থাকে। তাই আমরা যদি তৈরি থাকি, তবে ক্রেতা পাওয়াটা কোনো সমস্যা না।’